স্বল্পমূল্যের ইভি আনছে টেসলা
ইলন মাস্কের নেতৃত্বাধীন টেসলা আগামী মঙ্গলবার (৭ অক্টোবর) এক নতুন ইভেন্ট আয়োজনের ইঙ্গিত দিয়েছে। বিশ্লেষকদের ধারণা, এবার কোম্পানিটির মূল লক্ষ্য স্বল্পমূল্যের ইলেকট্রিক গাড়ি উন্মোচন, যা বিক্রির গতি ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খবর টেকক্রাঞ্চ।
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ প্রকাশিত নয় সেকেন্ডের একটি ভিডিওতে অন্ধকার ব্যাকগ্রাউন্ডে টেসলা একটি গাড়ির আলোকিত হেডলাইট দেখিয়েছে। পরবর্তী ভিডিওর শেষে “১০/৭” লেখা থাকায় ধারণা করা হচ্ছে, মঙ্গলবারই আয়োজনটি অনুষ্ঠিত হবে।
টেসলা এর আগে যুক্তরাষ্ট্রে মডেল ওয়াই–এর কম খরচের সংস্করণ বাজারে আনার পরিকল্পনা করেছিল, যা ২০ শতাংশ কম খরচে তৈরি করা সম্ভব হবে। সংস্থাটি জানিয়েছিল, গাড়িটির প্রথম নির্মাণ সম্পন্ন হলেও বিক্রি শুরু হবে চতুর্থ প্রান্তিকে, এবং উৎপাদন ধীরে বাড়ানো হবে।
উল্লেখ্য, সেপ্টেম্বর প্রান্তিকে টেসলা রেকর্ডসংখ্যক গাড়ি সরবরাহ করেছে, যা মার্কিন ট্যাক্স ক্রেডিটের মেয়াদ শেষ হওয়ার আগেই ইভি বিক্রি বাড়ার ফল।
নতুন কর ছাড় বন্ধ হয়ে যাওয়ায় সংস্থাটি মূল্যনীতিতে পরিবর্তন আনতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
ডিবিটেক/বিএমটি



