তৃতীয় প্রান্তিকে ফক্সকনের রেকর্ড আয়

তৃতীয় প্রান্তিকে ফক্সকনের রেকর্ড আয়
৬ অক্টোবর, ২০২৫ ১৯:৫৫  

বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিকস প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাইওয়ানের ফক্সকন চলতি বছরের তৃতীয় প্রান্তিকে রেকর্ড রাজস্ব অর্জন করেছে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা পণ্যের চাহিদা বৃদ্ধির ফলে এই আয় এসেছে। তবে এই আয় বাজার পূর্বাভাসের তুলনায় কিছুটা কম হয়েছে বলে জানানো হয়েছে। খবর রয়টার্স।

এনভিডিয়ার বৃহত্তম সার্ভার নির্মাতা ও অ্যাপলের প্রধান আইফোন অ্যাসেম্বলারের রাজস্ব গত বছরের একই সময়ের তুলনায় ১১% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২.০৫৭ ট্রিলিয়ন তাইওয়ান ডলার (প্রায় ৬৭.৭ বিলিয়ন মার্কিন ডলার)। যদিও এটি বাজার অনুমান ২.১৩৪ ট্রিলিয়ন ডলারের নিচে, ফক্সকনের দাবি ফলাফল প্রত্যাশার চেয়ে ভালো।

ডলারে হিসাব করলে রাজস্ব বৃদ্ধি পেয়েছে ১৬.১%। কৃত্রিম বুদ্ধিমত্তা সার্ভার ও নেটওয়ার্ক পণ্যের বিক্রিতে প্রবৃদ্ধি থাকলেও আইফোনসহ স্মার্ট কনজিউমার ইলেকট্রনিকসে সামান্য পতন দেখা গেছে মুদ্রা বিনিময় হারের প্রভাবে।

কোম্পানিটি জানিয়েছে, বছরশেষের উৎসব মৌসুমে বিক্রি বাড়ার কারণে চতুর্থ প্রান্তিকেও প্রবৃদ্ধি অব্যাহত থাকবে। তবে বৈশ্বিক অর্থনীতি ও মুদ্রা বাজারের অস্থিরতা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে বলে সতর্ক করেছে ফক্সকন।

ডিবিটেক/বিএমটি