৩ দিন বন্ধ থাকবে মিডল্যান্ড ব্যাংকের ডিজিটাল সেবা
কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশনের জন্য বেসরকারি খাতের মিডল্যান্ড ব্যাংকের ডিজিটাল লেনদেন কার্যক্রম তিন দিন বন্ধ থাকবে। আগামী ১ অক্টোবর সকাল ৮টা থেকে ৪ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ব্যাংকটিতে লেনদেনসহ কোনো ধরনের ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে না। এর মধ্যে শাখা ও উপ-শাখা, এজেন্ট ব্যাংকিং, ডেবিট কার্ড, এটিএম, বিএসিপিএস, বিইএফটিএন, আরটিজিএস, এনপিএসবি-সহ সব ধরনের সেবা অন্তর্ভুক্ত।
২৪ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। মিডল্যান্ড ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে এই অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যমান কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে ১ অক্টোবর ২০২৫ সকাল ৮টা থেকে ৪ অক্টোবর ২০২৫ সকাল ৮টা পর্যন্ত তিন দিন সব ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়ে মিডল্যান্ড ব্যাংক পিএলসির আবেদনে সম্মতি জ্ঞাপন করা হয়েছে। ব্যাংকিং কার্যক্রমের মধ্যে রয়েছে শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, ডেবিট কার্ড, এটিএম, বিএসিপিএস, বিইএফটিএন, আরটিজিএস, এনপিএসবি ইত্যাদি। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১–এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি জ্ঞাপন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।







