বিএসসি-দের তিন দাবি প্রকৌশল খাতের জন্য ষড়যন্ত্রমূলক

বিএসসি-দের তিন দাবি প্রকৌশল খাতের জন্য ষড়যন্ত্রমূলক
১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:৩৪  

বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দেশের প্রকৌশল খাতের জন্য ‘চরম ক্ষতিকর ও ষড়যন্ত্রমূলক’ বলে অভিহিত করে  দ্রুত এ ব্যাপারে সরকার নিরপেক্ষ সিদ্ধান্ত না দিলে আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে সারাদেশে বিক্ষোভ কর্মসূচির হুশিয়ারি দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। 

১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা জানান, তিন দফা দাবির মূল উদ্দেশ্য হচ্ছে— ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অর্জিত অধিকার খর্ব করা; ইঞ্জিনিয়ারিং সেক্টরে বিভাজন ও সংঘাত সৃষ্টি করা; সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে দেশকে অশান্ত করা।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা আরো জানান, ১৯৭৮ সালের রাষ্ট্রপতির জিও ও ১৯৯৪ সালের প্রধানমন্ত্রীর সরকারি প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ আছে যে উপসহকারী প্রকৌশলী পদ কেবলমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য স্বীকৃত এবং তাদের জন্য ১০ম গ্রেড সংরক্ষিত। 

এই সিদ্ধান্ত রাষ্ট্রীয়ভাবে বহুবার মীমাংসিত হয়েছে। অথচ প্রকৌশল অধিকার আন্দোলন বারবার মীমাংসিত বিষয়কে সামনে এনে নতুন করে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এদের পেছনে কারা ইন্ধন দিচ্ছে সেটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাদের খতিয়ে দেখার অনুরোধ। 

কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, প্রকৌশল অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ বারবার মিথ্যাচার করছে, অপপ্রচার চালাচ্ছে এবং মব তৈরি করে সরকারকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে।

কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানান, উপসহকারী প্রকৌশলী পদ রাষ্ট্রীয়ভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত, পক্ষপাতিত্ব করে এটি পরিবর্তনের চেষ্টা করা হলে তা রাষ্ট্রবিরোধী কাজ হিসেবে বিবেচিত হবে। 

নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ কমিটি ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না। সরকার যদি প্রকৌশল অধিকার আন্দোলনের মিথ্যাচার, সন্ত্রাস ও ব্ল্যাকমেইলের কাছে নতি স্বীকার করে, তবে তা হবে অন্তর্র্বতী সরকারের চরম ব্যর্থতা।