অটোমেশন চালু না হওয়া পর্যন্ত ভ্যাট নিরীক্ষা বন্ধ থাকবে: এনবিআর চেয়ারম্যান
সব জায়গায় ডিজিটাল হলে কর ও ভ্যাট পেতে সহজ হবে
সব জায়গায় ডিজিটাল হয়ে গেলে কর ও ভ্যাট রিটার্ন আদায় সরকারের জন্য সহজতর হবে বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
২৬ আগস্ট, মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে সিডিপি আয়োজিত একটি অনুষ্ঠানে আবদুর রহমান খান বলেন, প্রত্যেক জায়গায় ডিজিটাল হয়ে গেলে সহজেই কর ও ভ্যাট রিটার্ন পাওয়া যাবে। কর ছাড়ের ব্যাপকতা বেড়ে যাওয়ার ফলে কর জিডিপি অনুপাতে বাড়ানো সম্ভব হচ্ছে না। যথেষ্ট পরিমাণ কর আদায় করতে না পারলে বিপদ আছে।
স্বয়ংক্রিয় পদ্ধতি বা অটোমেশন চালু না হওয়া পর্যন্ত প্রয়োজনে কেয়ামত পর্যন্ত ভ্যাট নিরীক্ষা বন্ধ থাকবে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীরা যেন কোনোভাবেই মনে না করেন, অহেতুক হয়রানি করার জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এ নিয়ে কাজ হচ্ছে।
‘করপোরেট কর এবং ভ্যাটে সংস্কার: এনবিআরের জন্য একটি বিচারমূলক দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সংলাপে ন্যূনতম করের আইন একটি কালো আইন বলে মন্তব্য করে এনবিআর চেয়ারম্যান বলেন, ন্যূনতম কর নিয়ে অনেক কথা হয়েছে। কোনো সন্দেহ নেই ন্যূনতম কর একটা কালাকানুন। এটা স্বীকার করতেই হবে। বিজনেসে কর হবে মুনাফার ওপর। তা না করে মিনিমাম কর নির্ধারণ করছি। সমস্যা হচ্ছে এগুলো ঠিক করতে গেলে আমাদের কর আহরণ কমে যাবে। যখন আমরা মোটামুটি সিস্টেমে চলে আসব, তখন ওই বাস্তবায়ন করতে পারব। এ বছর আমরা চেষ্টা করেছি প্রচুর ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে। আসলে ব্যবসায়ীদের সহজ করে না দিলে তাহলে রাজস্ব আহরণ কঠিন হয়ে যাবে।
এনবিআর চেয়ারম্যান বলেন, বিশ্বব্যাংকের সহযোগিতায় আমার একটি নতুন প্রজেক্টে হাত দিয়েছি। আমরা চাই অটোমেটেড এনবিআর। সবকিছু যদি ডিজিটাল করতে পারি, তাহলে বোতাম টিপলেই ভ্যাট রিটার্ন ও কর রিটার্ন হয়ে যাবে। আমাদের অডিট রিপোর্টের কোয়ালিটি নিয়ে বড় প্রশ্ন আছে। অডিটের ঘোষণাগুলো দেখলে বোঝা যায়, এখানে প্রকৃত চিত্র উঠে আসেনি।
তিনি বলেন, বর্তমানে এনবিআরে অডিটের ম্যানুয়াল সিলেকশন বন্ধ করে দিয়েছি। কারণ অডিট ম্যানুয়াল সিলেকশন হলে একই ব্যক্তি প্রতি বছর অডিটের আওতায় পড়ে যায়। এটা এখানেও এক ভাই অভিযোগ করল। আমরা বলেছি, অডিট সিলেকশন হবে ঝুঁকিকে ভিত্তি করে। এ কারণে আমরা যতদিন পর্যন্ত ডিজিটাল সিস্টেম করতে না পারব, ততদিন ম্যানুয়াল ভ্যাট অডিট বন্ধ থাকবে। দরকার হলে কেয়ামত পর্যন্ত অডিট বন্ধ থাকবে। আমাদের অটোমেটেড করতেই হবে।
করজাল বৃদ্ধি প্রসঙ্গে আবদুর রহমান বলেন, আমরা করের আওতা যদি বাড়াতে পারি তাহলে কর হার ও ভ্যাট হার কমাতে পারব। কমপ্লায়েন্স যখন করতে পারব, ভ্যাটে এক রেট বাস্তবায়ন করা সম্ভব হবে। আর রিফান্ড অটোমেটিক করদাতার হিসাবে চলে যাওয়া উচিত বলে মনে করি।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সিনিয়র গবেষক মো. তামিম আহমেদ।
সিপিডির পরিচালিত এই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, দেশের অধিকাংশ ব্যবসায়ী মনে করেন, বর্তমান কর হার অন্যায্য এবং তাদের ব্যবসার উন্নয়নের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সমীক্ষায় অংশগ্রহণকারী ব্যবসায়ীদের মধ্যে ৮২ শতাংশ বর্তমান কর হারকে ‘অন্যায্য’ বলে মনে করেন। সিপিডি এই গবেষণা পরিচালনা করেছে খ্রিস্টান এইড (সিএ)-এর সহযোগিতায়। গবেষণায় অংশ নেওয়া ব্যবসায়ীদের মধ্যে ৭৯ শতাংশ কর কর্মকর্তাদের জবাবদিহির অভাবকে বড় সমস্যা হিসেবে উল্লেখ করেছেন। ৭২ শতাংশ বলেছেন, কর প্রশাসনে দুর্নীতি তাদের জন্য প্রধান প্রতিবন্ধকতা।
এছাড়া সম্পূর্ণ ডিজিটাল কর জমা দেওয়ার ব্যবস্থা না থাকাও ব্যবসায়ীদের কাছে বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে। ঢাকা ও চট্টগ্রামে অবস্থিত ১২৩টি প্রতিষ্ঠানের ওপর পরিচালিত এ সমীক্ষায় আরও দেখা যায়, ৬৫ শতাংশ ব্যবসায়ী নিয়মিত কর দাবিকে কেন্দ্র করে কর কর্মকর্তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন।
অনেক ব্যবসায়ী অভিযোগ করেছেন, যথাযথ ব্যাখ্যা বা পূর্বাভাস ছাড়াই কর কর্মকর্তারা অনেক সময় ইচ্ছেমতো কর আরোপ করেন। তাদের মতে, এসব অনুশীলন করের অংকের বাইরে গিয়ে অদৃশ্য চাপ তৈরি করে, যা ব্যবসার জন্য আরও বেশি ক্ষতিকর হয়ে দাঁড়ায়। প্রতিবেদনে আরও বলা হয়, ভ্যাট হারের জটিলতাকে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছেন। অংশগ্রহণকারী ৭৩ দশমিক ৫ শতাংশ ব্যবসায়ী জানিয়েছেন, জটিল ভ্যাট আইন তাদের জন্য বড় প্রতিবন্ধকতা।



