প্রশাসনে শফিক; জনসংযোগে শাহরিয়ার
এক আদেশে হাইটেক পার্কের ৬ কর্মকর্তাকে বদলি
প্রশাসনিক কারণ দেখিয়ে এক চিঠিতে কর্মস্থল ও দায়িত্ব বদল হলো বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে কর্মরত ৬ কর্মকর্তা। বদলি ও দায়িত্ব পুনর্বন্টনেট অংশ হিসেবে ১৮ আগস্ট তাদের স্ট্যান্ড রিলিজ দেয়া হয়। এর আগে ১৪ আগস্ট অর্থ ও প্রশাসন বিভাগের পরিচালক এস.এম. ফরিদ উদ্দীন স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
আদেশে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের ১৭ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ১৮ আগস্ট থেকে তারা স্বয়ংক্রিয়ভাবে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।
আদেশ অনুযায়ী, হাইটেক পার্ক কর্তৃপক্ষের আইসিটি টাওয়ারে অবস্থিত প্রধান কার্যালয়ের উপপরিচালক (চলতি দায়িত্ব) মো. গোলাম কিবরিয়াকে রাজশাহী হাইটেক পার্কে বদলি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বাসিন্দা কিবরিয়াকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সাবেক প্রতিমন্ত্রী পলকের এলাকা নাটোর আইটি-ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের দায়িত্বও দেওয়া হয়েছে।
সূত্রমতে, গত বছরের ২২ সেপ্টেম্বর হাইটেক পার্কের তৎকালীন জনসংযোগ কর্মকর্তা গোলাম কিবরিয়াকে সিলেট হাইটেক পার্কে বদলি করা হলেও মাত্র এক সপ্তাহের মাথায় ২৯ সেপ্টম্বর তাকে হাইটেক পার্ক কালিয়াকৈরে গাজীপুরের বদলী করা হয়েছিলো।
বাদলি আদেশ অনুযায়ী, বিনিয়োগ অধিশাখার পাশাপাশি উপপরিচালক (চলতি দায়িত্ব) শাহরিয়ার আল হাসানকে ওএসএস অধিশাখা ও জনসংযোগ শাখার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসন অধিশাখায় সংযুক্ত উপপরিচালক মো. শফিক উদ্দিন ভুঁইয়াকে পরিকল্পনা ও গবেষণা শাখার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এখন থেকে প্রশাসনিক বিষয় দেখভাল করবেন।
কালিয়াকৈর হাইটেক পার্ক থেকে সিলেট হাইটেক পার্কে বদলি করা হয়েছে উপসহকারী প্রকৌশলী (ই/এম) মো. হাসান ইবনে শাহীকে। আর সিলেট হাইটেক পার্ক থেকে কালিয়াকৈর হাইটেক পার্কে বদলি হয়েছেন উপসহকারী প্রকৌশলী (সিভিল): মো. মাসুম হোসেন।
এছাড়াও একই আদেশে রাজশাহী হাইটেক পার্ক থেকে তাকে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে বদলি করা হয়েছে উপপরিচালক (সংগ্রহ) মো. মাহফুজুল কবিরকে। তাকে অতিরিক্ত কোনো দায়িত্ব দেয়া হয়নি।





