বিলুপ্তপ্রায় মাছকে ফিরিয়ে আনতে গবেষকদের প্রতি আহ্বান

বিলুপ্তপ্রায় মাছকে ফিরিয়ে আনতে গবেষকদের প্রতি আহ্বান
১৮ আগষ্ট, ২০২৫ ১৩:২৪  
১৮ আগষ্ট, ২০২৫ ১৪:৩৩  

`অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি' প্রতিপাদ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে জাতীয় মৎস্য সপ্তাহ। চাষাবাদে আধুনিক প্রযুক্তি, মাছের রক্ষণাবেক্ষণ এবং বাজারজাতকরণ সম্পর্কে সচেতনতা বাড়াতে চলছে প্রদর্শনী, কর্মশালা ও আলোচনা সভা। 

১৮ আগস্ট, সোমবার সকালে এই আয়োজনের উদ্বোধন করেন উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় তিনি গবেষণার মাধ্যমে বিলুপ্তপ্রায় মাছকে ফিরিয়ে আনতে গবেষকদের প্রতি আহ্বান জানান।

ইউনূস মৎস্য খাতের অপার সম্ভাবনা বিশেষ করে গভীর সমুদ্রে মৎস্য আহরণের সুযোগকে কাজে লাগানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি মাছের রপ্তানি বৃদ্ধির জন্য বাজার সম্প্রসারণ, পণ্যে বহুমুখীকরণের জন্য গবেষণাসহ অন্যান্য কার্যক্রম চালিয়ে যেতে হবে। এসব কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তর, বেসরকারি সংগঠন, রপ্তানি ও আমদানিকারক প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। 

পরিবেশবান্ধব চাষাবাদের মধ্য দিয়ে মৎস্যখাতকে সমৃদ্ধ করতে মনোযোগী হতে বলে শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, আমরা কেবল নদী শাসনের কথা বলি। নদী পালনের কথা বলি না। আমাদের সব বর্জ্য পানিতে ছেড়ে দিচ্ছি। কিন্তু এই বর্জ্য যে বিষ হয়ে আমাদের দিকে আসছে, সেটাও আমরা গ্রাহ্য করছি না। বর্জ্য ছাড়াও যত রকমের বিষ, শরীরের যত রকমের অনিষ্টকারী জিনিস আছে, সব পানির মধ্যে ঢালছি আমরা।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, যথাযথ ব্যবস্থাপনার অভাবে শত শত প্রজাতির ঐতিহ্যবাহী দেশীয় মাছ ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে লাইফ জিন ব্যাংক স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, আমাদের দেশের জনগণের প্রাণিজ আমিষের চাহিদার অধিকাংশই মাছ থেকে পূরণ হয়। একই সঙ্গে ১২ লাখ নারীসহ কর্মক্ষম জনগোষ্ঠীর একটি বিরাট অংশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ কাজের সঙ্গে জড়িত। এ খাতের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরও বিপুলসংখ্যক তরুণ সফল উদ্যোক্তা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সমুদ্র আমাদের জন্য উপহার নিয়ে অপেক্ষা করছে। আমরা এখনো সেই উপহারটা তার কাছ থেকে আনতে যেতে পারিনি। আমাদের জানতে হবে কি কি ধরনের মৎস্য সম্পদ এ সমুদ্রের পানির তলায় আছে। আমাদের বুঝতে হবে কেন আমরা এটা পারছি না।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পুরস্কার বিজয়ীদের হাতে জাতীয় মৎস্য পদক-২০২৫ তুলে দেন। 

অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, দেশব্যাপী মৎস্যচাষী, উদ্যোক্তা ও গবেষকগণ অংশ নেন।