টিএসসিতে থেমেছে ‘৩৬ জুলাই এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন’

টিএসসিতে থেমেছে ‘৩৬ জুলাই এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন’
৫ আগষ্ট, ২০২৫ ১৫:২৩  
৫ আগষ্ট, ২০২৫ ১৬:২৩  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাঠ যেন হয়ে উঠেছে জুলাই গণঅভ্যুত্থানের ‘ডিজিটাল আর্কাইভ’। সেখানে থেমে থাকা ‘৩৬ জুলাই এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনে চড়লেই ঐতিহাসিক বাস্তবতার সাক্ষী হতে পারছেন দর্শকেরা।

টেন্টের কালো পর্দা সরিয়ে স্টেশনে প্রবেশ করতেই চোখে পড়ে ‘৩৬ জুলাই আমরা থামব না’ প্রত্যয়। এই দরজা পেরোলোই দেখা যাবে ডানে ও বায়ে দুইটি ডিজিটাল স্ক্রিন। সেখানে ছুটে চলছে ট্রেনটি। একের পর একটি জানালা খুলছে আর দর্শককে জানালার কাচের ওপাশ থেকে অভ্যর্থনা জানাচ্ছেন একেকজন শহীদ। আর প্রত্যেক শহীদের নিচেই লেখা আছে তার নাম, পরিচয় ও শহীদ হওয়ার তারিখ। মাঝে মাঝেই ট্রেনটি কুউ.. ঝিক ঝিক শব্দে প্রকাশ করছে ট্রেনটির চলমান বাস্তবতা।    

 এই স্টেশনেই ঢাউস ডিজিটাল স্ক্রিনে ফুটিয়ে তোলা হয়েছে আয়না ঘরের বাস্তবতা। রক্ষকদের জেরার নামে নির্যাতনে চিত্রপট। চোখ বেধে ঝুলিয়ে বন্দির স্বীকারোক্তি গ্রহণের প্রচেষ্টা। ইলেকট্রিক চেয়ারে শক দেয়া।  হাত-পা, চোখ বেধে তীব্র আলো আর গরমে পেরেশান অবস্থা তৈরির দৃশ্য ছাড়াও আছে গরম পানি থেরাপির, দাঁত উপড়ে ফেলার প্রতীকি দৃশ্যায়ন। দৃশ্যপটের সঙ্গে আর্ত চিৎকারের শব্দ ও ভেসে আসছে। 

এই এক্সপ্রেস ট্রেনটি দেখতে সেখানে ৫ আগস্ট, মঙ্গলবার বিকেল থেকেই শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ ও উৎসুক জনতাও ভিড় করছেন।

এমন ডিজিটাল উপস্থাপনার পাশাপাশি গণরোষে লণ্ডভণ্ড গণভবন-কে ফতেহ গণভবন নামে তুলে ধরা হয়েছে এখানে। মানচিত্রে সেঁটে দেয়া হয়েছে শহীদদের ছবি। পুরো জুলাই মাসের বাস্তবতা ছাড়াও মতিঝিলে ‘শাপলা চত্বর গণহত্যা’; ‘বিচারিক হত্যা কাণ্ড’; ‘দেয়াল বিপ্লব’ ইত্যাদি তুলে ধরা হয়েছে ডিজিটাল স্ক্রিনে। 

পুরো আয়োজনটি করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। আয়োজকরা জানিয়েছেন, তাদের তিন দিনব্যাপী এই আয়োজনে  জুলাইয়ের বিশেষ চিত্র প্রদর্শনী; সাইকেল র‌্যালি; জুলাই বিপ্লব নিয়ে ডক্যুমেন্টারি; বিপ্লবের গান ও কবিতা, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের গল্প; গান, কবিতা, নাটক ও মাইম; প্লানচেট বিতর্ক ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।