১৭টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো ভিসা
বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির অগ্রযাত্রায় সহযোগিতা ও অংশীদারিত্বের স্বীকৃতি হিসেবে ব্যাংক, ফিনটেক ও রিটেইল খাতের ১৭টি প্রতিষ্ঠানকে ৩০টি পুরস্কারে সম্মানিত করেছে বৈশ্বিক ডিজিটাল লেনদেনের প্লাটফর্ম ভিসা।
রাজধানীর শেরাটন হোটেলে ৪ আগস্ট, সোমবার অনুষ্ঠিত ‘ভিসা লিডারশিপ কনক্লেভ বাংলাদেশ ২০২৫’ অনুষ্ঠানে এই পুরস্কার দেয়া হয়। ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়ে ফিনটেক, মার্চেন্ট এক্সেপ্টেন্স, ই-কমার্স, ক্রস-বর্ডার পেমেন্টস, ভিসা ডেবিট ও ক্রেডিট কার্ড অপারেশনস এবং কমার্শিয়াল কার্ডস ক্যাটাগরিতে এই পুরস্কারগুলো দেওয়া হয়।
অনুষ্ঠানে দেশের ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ফিনটেক, সরকারি সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, কৃষি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান, কূটনৈতিক মিশন, এভিয়েশন ই-কমার্স, রিটেইলসহ ৬০টিরও অধিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দের হাতে পুরস্কার তুলে দেন। শুরুতে বক্তব্য রাখেন ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, এবং ভিসার নতুন সেবাসমূহ প্রদর্শন করেন ভারত ও দক্ষিণ এশিয়ার হেড অব প্রোডাক্ট রামাকৃষ্ণান গোপালান।
অনুষ্ঠানে ভিসা’র বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, “বাংলাদেশে বাণিজ্যের ভবিষ্যৎ নির্ভর করছে ডিজিটাল প্রযুক্তির ওপর। তাই আমাদের পার্টনারদের অংশগ্রহণে একটি সহজ ও নিরাপদ ক্যাশলেস অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশের এই ডিজিটাল রূপান্তরের যাত্রায় আমরা সব পার্টনারদের সাথে মিলে আরও স্থিতিশীল অর্থনৈতিক ভবিষ্যৎ গঠনে কাজ করে যাচ্ছি।”







