ফলোআপ

প্রতীকি পলাতক হেলিকপ্টারে আগুন; দগ্ধ হলেন কয়েকজন!

প্রতীকি পলাতক হেলিকপ্টারে আগুন; দগ্ধ হলেন কয়েকজন!
৫ আগষ্ট, ২০২৫ ১৫:২২  
৫ আগষ্ট, ২০২৫ ১৮:২৩  

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে উড়ানো হলো হেলিকপ্টার বেলুন। সপরিবারে পতিত সরকার প্রধান শেখ হাসিনার ভারতে পালানোকে স্মরণীয় করে রাখতে এ বেলুন উড়ানো হয় বলে জানায় আয়োজকরা।

৫ আগস্ট, মঙ্গলবার ঠিক বেলা ২টা ২৫ মিনিটে শত শত দর্শকদের হাত থেকে উড়ে যায় বেলুনগুলো।  হেলিকপ্টার আকৃতির এই বেলুনগুলো ছিলো গ্যাস বেলুন। ছড়ানো হয় লাল ও সবুজ রঙ।  

এর আগে দুপুর সোয়া ২টার দিকে বেলুনগুলো দর্শকদের হাতে দেওয়ার ঘোষণা দেওয়া হয় মঞ্চ থেকে।সময়টি কাউন্টডাউন করা হয়। এসময় বেলুন হাতে আহসান হাবিব নামের আরেকজন জানান, ছাত্র-জনতার ভয়ে ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়। তার পালানোর মুহূর্ত স্মরণীয় করে রাখছি আমরা। এ যেন এক অন্যরকম ভালো লাগার মুহূর্ত।

কিন্তু পাঁচ মিনিট পর হঠাৎ দর্শকদের মধ্য থেকে একজন গ্যাস লাইটার দিয়ে বেলুনে আগুন দেয়। এরপর গ্যাস বেলুনে আগুন জ্বলে ওঠে। সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন দগ্ধ হন। এসময় একটি বেলুনের ফুলকি উড়ে সাউন্ড স্পিকারের ক্যাবলে পড়ে আগুন ধরে যায়। প্রায় মিনিট তিনেক পর একটি ড্রোন দিয়ে আগুন নেভানো হয়। এসময় দর্শকরা হাত তালি দেন।

সর্বশেষ তথ্যানুযায়ী, এ ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ দশজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বিকেল সোয়া ৩টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, মানিক মিয়া অ্যাভিনিউয়ের ঘটনায় এখন পর্যন্ত দশজন জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। তাদের পোড়ার ক্ষত রয়েছে, তবে সবাই মাইনর।

দগ্ধরা হলেন- মাজহারুল ইসলাম (২৭), বিল্লাল (৪৫), ফাহাত (২০), মো. মুনসুর ইসলাম (৩৮), শরীফ (৩২), পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মিশু (২৩), মিহাত (১৭)।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুর সোয়া ২টার দিকে স্বৈরাচারের পলায়নের প্রতীকী হেলিকপ্টার হিসেবে সবুজ রঙের বেলুন ওড়ানো হচ্ছিল। বেলুনের একপাশে আওয়ামী লীগের লোগো ছিল। হঠাৎ একজন গ্যাস লাইটার দিয়ে বেলুনে আগুন দেয়। এরপর গ্যাস বেলুনে আগুন লেগে যায়। এতে বেশ কয়েকজন দগ্ধ হন।