দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালু এবং পেশাজীবীদের মধ্যে ‘ওয়ার্ক ফ্রম হোম’ প্রবণতা বাড়ার প্রেক্ষাপটে নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই বাস্তবতায় দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক চালু করেছে দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ প্যাক।
৩০ এপ্রিল অপারেটরটি জানিয়েছে, অনলাইন ক্লাস ও দূরবর্তী কর্মপরিবেশের চাহিদা মাথায় রেখে তৈরি এই প্যাকটি মূলত ভিডিও কনফারেন্সিং নির্ভর ব্যবহারকারীদের জন্য ডিজাইন করা হয়েছে। এতে নির্দিষ্ট কিছু অ্যাপের জন্য আলাদা ডাটা বরাদ্দের পাশাপাশি সাধারণ ইন্টারনেট ব্যবহারের জন্যও ডাটা রাখা হয়েছে, ফলে একসঙ্গে মিটিং, ক্লাস এবং অন্যান্য অনলাইন কার্যক্রম নির্বিঘ্নে চালানো সম্ভব হবে।
৩০ দিন মেয়াদি এই প্যাকের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪৮ টাকা, যেখানে মোট ৩৬ জিবি ডাটা পাওয়া যাবে। এর মধ্যে ৩০ জিবি ডাটা নির্দিষ্টভাবে বরাদ্দ থাকবে ইক্রোসফট টিমস, জুম, গুগল মিট এবং গুগল ক্লাসরুম-এর মতো প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য। ফলে অনলাইন ক্লাস বা গুরুত্বপূর্ণ মিটিংয়ের সময় ডাটা শেষ হয়ে যাওয়ার ঝুঁকি কমবে। এছাড়া অতিরিক্ত ৬ জিবি ডাটা ব্রাউজিং, ভিডিও দেখা এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য অনলাইন ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে।
প্যাকটি সম্পর্কে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, গ্রাহকের পরিবর্তিত প্রয়োজনকে সামনে রেখে নতুন সেবা উদ্ভাবনে প্রতিষ্ঠানটি কাজ করছে। তার মতে, অনলাইন ক্লাস ও ঘরে বসে কাজ করার প্রবণতা অনেক পরিবারের ওপর বাড়তি চাপ তৈরি করেছে, আর এই ‘হোম কানেক্টিভিটি’ প্যাক সেই চাপ লাঘবে সহায়ক হবে।
প্রিপেইড ও বিটুসি পোস্টপেইড—উভয় ধরনের গ্রাহকের জন্য উন্মুক্ত এই প্যাকটি রিটেইল আউটলেট ছাড়াও বিকাশ, নগদ, রকেট, উপায় এবং মাইবিএল অ্যাপের মাধ্যমে কেনা যাবে। পাশাপাশি *১২১৩৪৮# ডায়াল করেও প্যাকটি সক্রিয় করা সম্ভব।
ডিবিটেক/এমআর/ইকে



