রবির দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে ১৩৩ শতাংশ

রবির দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে ১৩৩ শতাংশ
২৮ জুলাই, ২০২৫ ১৬:৩৫  
২৮ জুলাই, ২০২৫ ১৭:৫৮  

২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) আগের বছরের একই সময়ের তুলনায় পুঁজিবাজারে তালিকভূক্ত দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর রবি আজিয়াটার মুনাফা বেড়েছে ১৩৩ শতাংশ। 

২৮ জুলাই, সোমবার কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য বিবরণী থেকে এ তথ্য পাওয়া গেছে। অপারেটরিটির দ্বিতীয় প্রান্তিতের আর্থিক তথ্য বিবরণী অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে রবির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ০.৪৯ টাকা, যা ২০২৪ সালের একই প্রান্তিকে ছিল ০.২১ টাকা।

চলতি বছরের প্রথম ছয় মাস শেষে কোম্পানির মোট শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ০.৭৩ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৮ শতাংশ বেশি (২০২৪ সালের প্রথমার্ধে ছিল ০.৪১ টাকা)।

চলতি বছরের জুন শেষে রবির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) দাঁড়িয়েছে ১২.৩১ টাকা।

আর্থিক প্রতিবেদন প্রকাশের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবির শেয়ারের মূল্য ২.৬১ শতাংশ বেড়ে দাঁড়ায় ২৭.৫০ টাকায়।

এই মুনাফা বৃদ্ধির পেছনে অপারেটরটির কার্যকর ব্যয়-নিয়ন্ত্রণ কৌশল এবং ডেটা থেকে রাজস্ব বৃদ্ধির পাশাপাশি পরিচালন দক্ষতার উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।