ক্রেডিটকার্ড ব্যবহারে দেশে-বিদেশে শীর্ষে যুক্তরাষ্ট্র
চীনের নাটকীয় উত্থানে পতন ভারতের
গত মে মাসে বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডধারীদের ব্যায়ে শীর্ষে যুক্তরষ্ট্র। একইভাবে বাংলাদেশে এসে বিদেশিদের ক্রেডিট কার্ডে খরচের দিকদিয়েও শীর্ষে রয়েছে দেশটি। অপরদিকে শীর্ষ থেকে প্রতিবেশী দেশ ভারত অনেকটায় তলানীতে থোকলেও বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহারে যুক্তরাষ্ট্রের পরেই জায়গা করে নিয়েছে চীন। আর বাংলাদেশে এসে বিদেশিদের ক্রেডিট কার্ডে খরচের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্যের পরের অবস্থানেই রয়েছে ভারত।
বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, বিদেশে বাংলাদেশি কার্ডধারীদের খরচের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র—৫৩ কোটি ৫ লাখ টাকা। এরপর রয়েছে চীন (৪০ কোটি), থাইল্যান্ড (৩৫ কোটি), যুক্তরাজ্য (৩৪ কোটি), সিঙ্গাপুর (৩২ কোটি), মালয়েশিয়া (২৪ কোটি), নেদারল্যান্ড ও সৌদি আরব (১৭ কোটি করে), কানাডা (১৬ কোটি), ইউএই (১৩ কোটি) এবং অস্ট্রেলিয়া (১২ কোটি টাকা)। অন্যান্য দেশে খরচ হয়েছে ৬৭ কোটি টাকা।
অপরদিকে দেশের অভ্যন্তরেও ক্রেডিট কার্ড ব্যবহারে বৃদ্ধির প্রবণতায় দেখা গেছে, এপ্রিল মাসে যেখানে লেনদেন ছিল ৩ হাজার ১৬ কোটি টাকা, মে মাসে তা বেড়ে হয়েছে ৩ হাজার ২২০ কোটি টাকা। একই ভাবে বাংলাদেশে এসে বিদেশিদের ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে। এপ্রিল মাসে যেখানে এই খরচ ছিল ২৬২ কোটি টাকা, মে মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ২৭৭ কোটি টাকায়। ১৫ কোটি টাকার এই বাড়তির পেছনেও যুক্তরাষ্ট্র রয়েছে শীর্ষে—দেশটির নাগরিকরা খরচ করেছেন ১১৭ কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে যুক্তরাজ্য (২১ কোটি) এবং তৃতীয় অবস্থানে ভারত (১৬ কোটি) রয়েছে।
দুই মাসের হিসাব পর্যালোচনায় দেখা যায়, ২০২৪ সালের মে মাসে ভারতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারে লেনদেন হয়েছিল ৭৬ কোটি ৫ লাখ টাকা। এক বছরের ব্যবধানে ২০২৫ সালের মে মাসে তা কমে দাঁড়িয়েছে মাত্র ২১ কোটি টাকায়। অর্থাৎ, এ সময়ে ভারতে লেনদেন কমেছে ৫৫ কোটি টাকা। এমনকি মাসিক হিসাবেও পতন দেখা গেছে—এপ্রিলে যেখানে লেনদেন ছিল ৩১ কোটি, মে মাসে তা নেমেছে ২১ কোটিতে। একসময় সর্বোচ্চ লেনদেনকারী দেশ ভারত এখন নেমে এসেছে ৭ নম্বরে।
বিপরীতে চীনে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড লেনদেনে উল্লেখযোগ্য বৃদ্ধি পাওয়ায় দেশটি দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। ২০২৫ সালের মে মাসে চীনে এই লেনদেন দাঁড়িয়েছে ৪০ কোটি ৪ লাখ টাকায়, যেখানে এপ্রিলে তা ছিল ১১ কোটি ৩ লাখ টাকা। মাত্র এক মাসে লেনদেন বেড়েছে ২৯ কোটি টাকার বেশি। অথচ, গত বছরের মে মাসে চীনের নাম ছিলই না শীর্ষ লেনদেন তালিকায়।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, ২০২৫ সালের মে মাসে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশের নাগরিকরা মোট ৩৮৬ কোটি ৫ লাখ টাকা খরচ করেছেন। আগের মাস এপ্রিলের তুলনায় যা ৮১ কোটি ২ লাখ টাকা কম। এমনকি গত বছরের মে মাসের তুলনায়ও ৭০ কোটি টাকার ঘাটতি দেখা গেছে, যেখানে তখনকার লেনদেন ছিল ৪৫৬ কোটি ৫ লাখ টাকা।







