ক্রেডিট কার্ড নিতে রিটার্ন জমার বাধ্যবাধকতা থাকছে না

ক্রেডিট কার্ড নিতে রিটার্ন জমার বাধ্যবাধকতা থাকছে না
২ জুন, ২০২৫ ১৭:০৭  
২ জুন, ২০২৫ ১৮:০৭  

ক্রেডিট কার্ডসহ ১২টি সেবা গ্রহণের ক্ষেত্রে কেবল টিআইএন সার্টিফিকেট দাখিলের বিধান করা হচ্ছে। অর্থাৎ ক্রেডিট কার্ড নিতে রিটার্ন জমার বাধ্যবাধকতা থাকছে না। ২জুন, সোমবার আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই ঘোষণা দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

এ নিয়ে অর্থ উপদেষ্টা আরো প্রস্তাব করেছেন- 

ক. তহবিল, এতিমখানা, অনাথ আশ্রম ও ধর্মীয় উদ্দেশ্যে প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠানকে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

খ. উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রতি মাসের পরিবর্তে ত্রৈমাসিক ভিত্তিতে উৎসে করের রিটার্ন দাখিলের বিধান করা হয়েছে।

গ. জমি বা জমিসহ স্থাপনা হস্তান্তরকালে দলিলমূল্যের অতিরিক্ত কোনো অর্থ নেওয়া হলে ব্যাংক বিবরণীসহ দালিলিক প্রমাণাদি দ্বারা যাচাইযোগ্য হওয়া সাপেক্ষে ওই অতিরিক্ত অর্থের ওপর মূলধনি আয়ের জন্য প্রযোজ্য হারে কর প্রদানের বিধান করা হয়েছে।

ঘ. স্বনির্ধারণী পদ্ধতিতে দাখিল করা রিটার্ন অডিট সংক্রান্ত মাঠ পর্যায়ে সৃষ্ট জটিলতা নিরসন করে অডিট কার্যক্রমকে কার্যকর ও সহজীকরণের উদ্দেশ্যে অডিট সংশ্লিষ্ট বিধান প্রতিস্থাপন করা হয়েছে।