বাধ্যতামূলক হলো অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফরম পূরণ

বাধ্যতামূলক হলো অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফরম পূরণ
২ জুলাই, ২০২৫ ২২:১৫  
২ জুলাই, ২০২৫ ২৩:১৬  

ব্যাগেজ সুবিধার অপব্যবহার ঠেকাতে কাস্টমস হল ত্যাগের আগেই অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফরম পূরণ বাধ্যতামূলক করলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যাত্রীবান্ধব নীতিমালার অংশ হিসেবে এনবিআরের নতুন ‘অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫’ বুধবার (২ জুলাই) থেকেই কার্যকর হয়েছে। তবে যাত্রীরা যেন অপব্যবহার করতে না পারেন, সেজন্য কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে।

২ জুলাই (বুধবার) এনবিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ জুন নতুন ব্যাগেজ রুলস জারির পর বিভিন্ন অংশীজন ও মাঠপর্যায়ের মতামতের ভিত্তিতে বিধিমালায় কিছু সংশোধনী আনা হয়েছে। এতে প্রবাসীদের জন্য মোবাইল ফোন ও অলংকার আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ছাড় দেওয়া হয়েছে।

সর্বশেষ সংশোধনসহ সার্বিক বিবেচনায় নতুন ব্যাগেজ রুলসে বিদ্যমান ব্যবস্থায় শুল্ক পরিশোধ করে একজন যাত্রী একটি নতুন মোবাইল ফোন আনতে পারেন। পরিবর্তিত ব্যবস্থায় একজন ভ্রমণকারী যাত্রী শুল্ক পরিশোধ না করে প্রতি বছরে একবার একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন। তবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ইস্যু করা বিএমইটি কার্ডধারী এবং ন্যূনতম ৬ মাস বিদেশে অবস্থান করেছেন এমন প্রবাসী বাংলাদেশী কোনো শুল্ক-কর না দিয়ে বছরে দুইটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন।

নতুন ব্যবস্থায়, কোনো শুল্ক-কর পরিশোধ না করে একজন যাত্রী কোনো পঞ্জিকা বছরে একবার ভ্রমণে অথবা কয়েকবার ভ্রমণে সর্বমোট ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার বা ২০০ শত গ্রাম ওজনের রৌপ্যের অলংকার আনতে পারবেন।

নতুন ব্যবস্থায়, তোলা প্রতি ৫ হাজার টাকা শুল্ক-কর পরিশোধ করে একজন যাত্রী কোনো পঞ্জিকা বছরে একবার ১০ তোলা ওজনের একটি স্বর্ণবার আনতে পারবেন।