টার্গেট করে ১৪ ইরানি বিজ্ঞানীকে হত্যার দাবি ইসরায়েলের
রসায়নবিদ, পদার্থবিদ ও প্রকৌশলীসহ অন্তত ১৪ জন ইরানি বিজ্ঞনীকে টার্গেট করে হত্যা করার দাবি করেছে ইসরায়েল। সাম্প্রতিক ইরান হামলায় এই হাত্যাকাণ্ড সংগঠনের কথা জানিয়েছেন ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত যোশুয়া জারকা। ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর ইসরায়েলের হামলা এবং এর ফলে সৃষ্ট পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সঙ্গে আলাপ কালে এই দাবি করেছেন তিনি।
তিনি বলেন, এই পুরো দলটিই একসঙ্গে নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় কার্যত ইরানের পারমাণবিক প্রকল্প কয়েক বছর নয় বরং অনেক বছর পিছিয়ে গেছে।
জারকার এই মন্তব্যের একদিন পর ২৪ জুন ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, আরেক ইরানি পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ রেজা সেদীঘি সাবের ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। তিনি আগে ১৩ জুনের হামলায় আহত হয়েছিলেন, হামলায় তার ১৭ বছর বয়সী ছেলে নিহত হন।
তবে জারকার বক্তব্য সত্ত্বেও বিশ্লেষকরা মনে করছেন, ইরানের হাতে এখনও বিকল্প বিজ্ঞানী রয়েছে, যারা এই ক্ষতিপূরণ দিতে সক্ষম। তাদের মতে, এই হত্যাকাণ্ড ইরানের পারমাণবিক কর্মসূচিকে কিছুটা পিছিয়ে দিতে পারে, কিন্তু পুরোপুরি থামাতে পারবে না।
প্রসঙ্গত, ফ্রান্স সরকার সম্প্রতি ইসরায়েলে বসবাসরত ২,৫০,০০০ ফরাসি নাগরিককে সরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে, যা চলমান সামরিক উত্তেজনা এবং সম্ভাব্য সংঘাতের প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।







