জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডারের ১৯ কর্মকর্তার প্রার্থিতা বাতিল
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষায় জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডারের ১৯ কর্মকর্তার প্রার্থিতা বাতিল করেছে। প্রার্থিতা বাতিল হওয়া কর্মকর্তাদের রোল নম্বর হচ্ছে — ৯০৯০০০০২, ১০৯০০০০৩, ১০৯০০০০৪, ১০৯০০০০৫, ১০১০০০০৬, ১০৯০০০০৭, ৯০৯০০০০৮, ১০১০০০০১, ১০৯০০০১১, ১০৯০০০১২, ১০৯০০০১৩, ১০৯০০০১৪, ১০৯০০০১৫, ১০৯০০০১৬, ১০৯০০০১৭, ৯০৯০০০১৮, ১০৯০০০১৯, ১০৯০০০২০।
পিএসসি সচিবালয় থেকে প্রকাশিত পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট রিট পিটিশনের আদেশ মেনেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডার (বিষয় কোড-১০৯) থেকে সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করা মোট ১৯ কর্মকর্তার প্রার্থিতা রিট পিটিশন নম্বর ৯৭২২/২০২৫ এর আদেশের প্রেক্ষিতে বাতিল করা হয়েছে।
মূলত, জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডারের ১৯ কর্মকর্তার প্রার্থিতা বাতিলকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবস্থান ও সিদ্ধান্তের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। ২০২৪ সালের নভেম্বরে যাদের ‘অযোগ্য’ ঘোষণা করে পিএসসি নিজেই পরীক্ষা থেকে বাদ দেয়, মাত্র কয়েক মাস পর সেই একই প্রার্থীদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হয় ২০২৫ সালের ফেব্রুয়ারির সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষায়। অথচ পিএসসির নিজস্ব আইন উপদেষ্টা এই অনুমতির বিরোধিতা করেছিলেন বিধিমালার দোহাই দিয়ে। পরে হাইকোর্টের হস্তক্ষেপে আবারও সেই ১৯ জনের প্রার্থিতা বাতিল করে কমিশন। এই স্ববিরোধী সিদ্ধান্ত, নিয়ম লঙ্ঘন নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনাও হয়েছে।







