শিশু হৃদরোগ সনাক্তকরণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রীর ঘোষণা
চীনা প্রযুক্তিতে রাজশাহীতে বিশ্বমানের হৃদরোগ সেবার তাগিদ
- শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার
- কোর্ট-নাটোর রোড থেকে হার্ট ফাউন্ডেশনের সংযোগ সড়ক প্রশস্ত করার বিশেষ প্রকল্প
- ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে সরকারি অনুদানের আশ্বাস
চীনের অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজশাহীতে বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। তিনি বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে। চীনের ফুওয়াই ইউনান কার্ডিওভাসকুলার হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগ ও ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এর যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
২৪ জুলাই, শুক্রবার রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ৩ থেকে ১৮ বছর বয়সী শিশু শিক্ষার্থীদের হৃদরোগ সনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
চীনের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে ভূমিমন্ত্রী বলেন, "সাবেক প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমান চীনের সাথে বন্ধুত্বের সূচনা করেছিলেন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে এই সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।" অবকাঠামোগত উন্নয়নের কথা উল্লেখ করে প্রধান অতিথি জানান, কোর্ট-নাটোর রোড থেকে হার্ট ফাউন্ডেশনে আসার সংযোগ সড়কটি প্রশস্ত করার জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে এবং এ বিষয়ে তিনি রাজশাহী সিটি কর্পোরেশন ও আরডিএ-কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। এ ছাড়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিশেষ অনুদান বরাদ্দের আশ্বাস দেন মন্ত্রী।
রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের ফুওয়াই ইউনান কার্ডিওভাসকুলার হসপিটালের ডেপুটি ডাইরেক্টর ইনচার্জ ও বিশেষজ্ঞ দলের টিম লিডার লু-জিয়াং, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. আতাউল হক, চীফ কনসালটেন্ট প্রফেসর ডা. মো. রইছ উদ্দিন, সহসভাপতি মো. হাসেন আলী ও মো. মাকসুদুল করিম সম্রাটসহ চিকিৎসক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
//ডিবিটেক/ একেএল/ইডিপি//





