‘তাণ্ডব’ পাইরেসির অভিযোগে গ্রেফতার ৩

‘তাণ্ডব’ পাইরেসির অভিযোগে গ্রেফতার ৩
১৮ জুন, ২০২৫ ১৭:৩৪  
১৮ জুন, ২০২৫ ২০:৩৬  

টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আলোচিত ‘তাণ্ডব’ সিনেমার পাইরেটেড কপি অনলাইনে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার বিভাগ। গ্রেফতার ব্যক্তিরা হলেন ইউটিউবার টিপু সুলতান, একটি অনলাইন পোর্টালের মালিক সাদি সাদ ওরফে সাগর এবং একটি সিনেমা হলের অপারেটর সাজেদুল ইসলাম।

১৮ জুন (বুধবার) বিকেলে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির (দক্ষিণ) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি জানান, সিনেমাটির প্রযোজক শাহরিয়ার কবির ভূঁইয়া বনানী থানায় মামলা করেন। মামলায় বলা হয়, গত ৪ জুন ‘তাণ্ডব’ সিনেমার পাইরেটেড ভিডিও ইউটিউব, টেলিগ্রাম, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়ানো হয়। একাধিক অনলাইনে এইচডি কনটেন্টও আপলোড করা হয়।

মামলাটি তদন্তে নিয়ে গোয়েন্দা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তিনজনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সিনেমা হল অপারেটর সাজেদুল ইসলাম পাইরেসি চক্রের আরও সদস্যদের নাম প্রকাশ করেছেন। তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হচ্ছে।

ডিবির কর্মকর্তা আরো বলেন, টেলিগ্রাম চ্যানেলটি থেকেই প্রথম ভিডিও ছড়ানো হয়। এটি কারা চালাচ্ছে, কোথা থেকে পরিচালিত হচ্ছে, তা শনাক্তে কাজ চলছে।   এই অপরাধে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

জানা গেছে, তাণ্ডব প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া (ওরফে শাহরিয়ার শাকিল) ঢাকার বনানী থানায় কপিরাইট আইনে একটি মামলা করেন যেখানে টিপু সুলতান ১ নম্বর অভিযুক্ত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার মাইজদীর মোহাম্মদিয়া হোটেলসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  টিপু নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। সাদি সাদকে ময়মনসিংহ ও সাজেদুল ইসলামকে সাভার থেকে আটক করা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, আটক তিনজনের সঙ্গে কোনো না কোনো প্রেক্ষাগৃহের যোগসাজশ আছে। কীভাবে পাইরেসি হয়েছে, সেটাই বের করছে পুলিশ।

রায়হান রাফি নির্মিত ‘তাণ্ডব’ সিনেমাটিতে শাকিব খান ও সাবিলা নূর ছাড়াও বিশেষ চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। এছাড়াও অভিনয় করেছেন এফএস নাঈম, আফজাল হোসেন, রোজি সিদ্দিকীসহ অনেকে।