ডিউটি পোস্টে মোবাইল ফোন নয়: আইজিপি
ডিউটি পোস্টে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের সর্বোচ্চ মনোযোগ ধরে রাখতেই এই উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন তিনি।
পুলিশ প্রধান বলেছেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধান পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বাংলাদেশ পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিট। জনগণ ডিএমপির কাছ থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সেবার প্রত্যাশা করে। থানা এলাকায় মোবাইল ডিউটি, গার্ড ডিউটি কিংবা কূটনৈতিক দায়িত্ব পালনের সময় কর্মকর্তাদের সর্বদা সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। তাই ডিউটি পোস্টে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। কারণ এটি মনোযোগে বিঘ্ন ঘটায় এবং দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে।
১৮ জুন (বুধবার) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মে ২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বাহারুল আলম আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন। জনগণকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ডিএমপির প্রতিটি সদস্যকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সভাপতিত্বে সভায় মে মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানে উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।
মাসিক পর্যালোচনা ও পুরস্কার বিতরণী সভায় যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন মে মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেন। এতে ডাকাতি, দস্যুতা, খুন, চুরি, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, সড়ক দুর্ঘটনা, মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধের পরিসংখ্যান উপস্থাপন করা হয়।
সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিমসহ যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, ডিএমপির থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







