অনলাইনে ‘তাণ্ডব’র ছড়াছড়ি
পাইরেসির শিকার হয়ে অনলাইনে ছড়িয়ে পড়েছে ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা। ঈদের দিন ‘তাণ্ডব’ প্রদর্শিত হয় স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখায়, সর্বমোট ২৮টি শো-তে। যার টিকিট বিক্রি হয় অনলাইনে।
খোঁজ নিয়ে জানাগেছে, ঈদের পর দিনই ফেসবুক ও অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে ‘তাণ্ডব’র ছোট ছোট ক্লিপ ছড়িয়ে পড়ে। অনেকেই ভেবেছিলেন এটি প্রচারের কৌশল। কিন্তু পরে পুরো সিনেমাটিই অনলাইনে ফাঁস হয়ে যায়।
পরিচালক-প্রযোজকরা যখন আরও একটি ব্লকবাস্টার সিনেমার আশায় বুক বাঁধছেন, তখনই পাইরেসির শিকার হলো তাণ্ডব। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে সিনেমার দৃশ্য। ফেসবুকের নানা গ্রুপ ও পেজে দেখা যায় পূর্ণদৈর্ঘ্য কিংবা অংশবিশেষের এইচডি ফুটেজ। ধারণা করা হচ্ছে, দেশের বাইরে থেকে সিনেমাটি ফাঁস হয়েছে। কারণ সাম্প্রতিক সময়ে এটি বিদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে।
‘তাণ্ডব’ রায়হান রাফীর পরিচালনায় সপ্তম চলচ্চিত্র এবং শাকিব খানের সঙ্গে তার দ্বিতীয় কাজ। পাইরেসি প্রসঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি রাফী।
এর আগেও শাকিরের ‘বরবাদ’ ছবিও ঈদুল ফিতরে মুক্তি পেয়ে পাইরেসির কবলে পড়েছিল। সেই সময় প্রযোজক শাহরিন আক্তার অভিযোগ করেন, পাইরেসির কারণে তাদের প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। সেই দুঃসহ অভিজ্ঞতার রেশ কাটতে না কাটতেই ‘তাণ্ডব’-এর ক্ষেত্রেও ঘটল একই অনাকাঙ্ক্ষিত ঘটনা।
প্রসঙ্গত, প্রযোজক শাহরিয়ার শাকিল আগেই এমন আশঙ্কার কথা জানিয়েছিলেন। ৮ জুন এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পাইরেসি রোধে আমরা কঠোর অবস্থানে আছি। হলে বসে কেউ ভিডিও করলেই আমরা ব্যবস্থা নেব। আমাদের টিম নিয়মিতভাবে সোশ্যাল মিডিয়া এবং সিনেমা হলগুলো নজরদারি করছে।’
তবে কোনো নজরদারিই শেষপর্যন্ত কাজে আসেনি।







