জেট বিমানের চাহিদার পূর্বাভাস হ্রাস করলো বোয়িং

জেট বিমানের চাহিদার পূর্বাভাস হ্রাস করলো বোয়িং
১৫ জুন, ২০২৫ ১৫:২৫  
১৫ জুন, ২০২৫ ১২:২৫  

বোয়িং তাদের ২০ বছরের বাণিজ্যিক বিমান চাহিদার পূর্বাভাসে সামান্য সংশোধন এনেছে। ২০২৪ সালের তুলনায় এবার ২০২৫ সালের প্রতিবেদনে যাত্রী প্রবাহের বার্ষিক বৃদ্ধির হার ৪.৭% থেকে কমিয়ে ৪.২% করা হয়েছে। খবর রয়টার্স।

নতুন পূর্বাভাস অনুযায়ী, ২০৪৪ সালের মধ্যে বিশ্বে ৪৩,৬০০টি নতুন এয়ারলাইনারের চাহিদা থাকবে। এর মধ্যে ৩৩,৩০০টি হবে সিঙ্গেল-আইল জেট, যেগুলো এখন ৮০% সরবরাহের প্রতিনিধিত্ব করে।

বোয়িং বলেছে, আগামী ২০ বছরে নতুন বিমানের চাহিদার ৫১% আসবে বাজার সম্প্রসারণ থেকে, পুরনো বিমানের প্রতিস্থাপন নয়। এই প্রবৃদ্ধির অর্ধেকেরও বেশি চাহিদা আসবে চীন ও দক্ষিণ/দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে।

এদিকে ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী এয়ারবাস তাদের পূর্বাভাস ২% বাড়িয়ে ৪৩,৪২০ বিমানে উন্নীত করেছে। যদিও কোভিড-পরবর্তী সময়ে আকাশপথে যাত্রী পরিবহন ঘুরে দাঁড়ালেও, উৎপাদনে ঘাটতির কারণে বর্তমানে প্রায় ১,৫০০ থেকে ২,০০০ বিমানের ঘাটতি রয়েছে।

সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একটি ৭৮৭-৮ ড্রিমলাইনার দুর্ঘটনায় বোয়িং আবারও সমালোচনার মুখে পড়ে, ফলে তাদের সিইও প্যারিস এয়ারশোতে অংশগ্রহণ বাতিল করেন।

ডিবিটেক/বিএমটি