ভার্চুয়ালি ছড়িয়ে পড়ছে হজ্জ

৫ জুন, ২০২৫ ১৬:১২  
৫ জুন, ২০২৫ ১৭:১৬  

আজ পবিত্র আরাফাতের দিন। সারা বিশ্বের ১৫ লাখে বেশি হাজি হজের মূল কার্যক্রম পালন করতে আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছেন। লাখ লাখ হাজির উদ্দেশে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দিচ্ছেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদ।  বাংলা ভাষায় হজের খুতবার লাইভ অনুবাদ শোনা যাবে। এজন্য যেকোনো ডিভাইস থেকে মানারাতুল হারামাইন (manaratalharamain) ওয়েবসাইটে প্রবেশ করে একটি বাংলা ভাষা নির্বাচন করতে হবে। আর ইউটিউব চ্যানেল টিউব সারমন (tubesermon) থেকেও লাইভ বাংলা অনুবাদ শোনা যাবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ১২টায় ও বাংলাদেশ সময় বিকেল ৩টার পর হজের খুতবা শুরু হয়। ওই সময় থেকেই শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতার লাইভ সম্প্রচার। ইউটিউব সহ বিভিন্ন ওয়েব সাইটে সম্প্রচার হচ্ছে হজ্জ। নেটিজেনদের অনেকেকেই ফোনে, ট্যাবে কিংবা স্মার্ট টিভিতে হজের সাথে নিজেদের সম্পৃক্ত করছেন ভার্চুয়ালি। লাব্বাইক ধ্বনিতে মুসলিম মিল্লাতের ধমনী রাঙছে একত্ববাদের রঙে। মিল্লাতে কল্যাণে। 

প্রতিবছরের মতো এবারও পবিত্র হজের খুতবা অনুবাদ সম্প্রচার করা হচ্ছে। সৌদি আরবের পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর তত্ত্বাবধানকারী বিভাগের অধীনে এবার বাংলাসহ ৩৪টি ভাষায় খুতবার অনুবাদ শোনা যাবে।

এ বছর ষষ্ঠবারের মতো বাংলা ভাষায় হজের খুতবা অনুবাদ করা হচ্ছে। খুতবার বাংলা অনুবাদ উপস্থাপন করছেন ড. মুহাম্মদ খলীলুর রহমান। তিনি ছাড়াও অনুবাদ কার্যক্রমে আরো রয়েছেন আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ও নাজমুস সাকিব। তাঁরা সবাই মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন।

সৌদি বার্তা সংস্থা সূত্রে জানা যায়, ১৪৩৯ হিজরি মোতাবেক ২০১৮ সালে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের বিশেষ নির্দেশনায় আরাফার খুতবা অনুবাদ প্রকল্পের কার্যক্রম শুরু হয়। প্রথম পর্যায়ে শুধু পাঁচটি ভাষায় তা সম্প্রচার করা হয়। পরে ২০২০ সাল থেকে বাংলা ভাষায় অনুবাদ শুরু হয়। সারা বিশ্বের মানুষের কাছে ইসলামের শান্তিপূর্ণ বাণী পৌঁছে দিতে খুতবার অনুবাদ সম্প্রচার করা হবে।