বিনামূল্যে ইনফ্লাইট ওয়াই-ফাই সেবা দেবে আমেরিকান এয়ারলাইন্স

বিনামূল্যে ইনফ্লাইট ওয়াই-ফাই সেবা দেবে আমেরিকান এয়ারলাইন্স
১৭ এপ্রিল, ২০২৫ ১২:২৮  
১৭ এপ্রিল, ২০২৫ ১২:২৮  

আমেরিকান এয়ারলাইন্স ঘোষণা দিয়েছে, তারা আগামী বছর থেকে যাত্রীদের জন্য বিনামূল্যে ইনফ্লাইট ওয়াই-ফাই সেবা চালু করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি জানায়, এ সংক্রান্ত একটি এটিঅ্যান্ডটি-স্পন্সরকৃত কর্মসূচি ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে, যার আওতায় বছরে ২০ লাখের বেশি ফ্লাইটে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করা হবে। খবর এনগ্যাজেট।

তবে এ সেবা ব্যবহার করতে হলে যাত্রীদের অবশ্যই আমেরিকান এয়ারলাইন্সের ‘এঅ্যাডভান্টেজ’ লয়্যালটি প্রোগ্রামে সদস্য হতে হবে। সদস্য হওয়ার পর শুধুমাত্র লগইন করেই বিমানে ইন্টারনেট ব্যবহার করা যাবে।

আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, তাদের বহরের ৯০ শতাংশ বিমানে ইতোমধ্যে ভায়াস্যাট এবং ইন্টেলস্যাটের স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ওয়াই-ফাই প্রযুক্তি স্থাপন করা হয়েছে। পাশাপাশি ২০২৫ সালের শেষ নাগাদ আরও ৫০০টির বেশি আঞ্চলিক বিমানেও এই প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় সব বড় এয়ারলাইন্স কোনো না কোনোভাবে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা দিচ্ছে, যা স্যাটেলাইট কানেক্টিভিটির মাধ্যমে সম্ভব হচ্ছে। ইউনাইটেড এয়ারলাইন্স চলতি বছর স্টারলিংকের মাধ্যমে এই সেবা চালু করেছে, আর হাওয়াইয়ান এয়ারলাইন্স এবং ডেল্টা ২০২২ সালে স্পেসএক্সের ইন্টারনেট প্রযুক্তি পরীক্ষামূলকভাবে ব্যবহার করে। পরে ডেল্টা ২০২৩ সালে ভায়াস্যাটের টি-মোবাইল স্পন্সরকৃত প্রোগ্রাম চালু করে, যেখানে একইভাবে লয়্যালটি প্রোগ্রাম সদস্য হতে হয়।

ডিবিটেক/বিএমটি