আন্তর্জাতিক গণিত (পাই) দিবস-২০২৫ নিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হলো বিশেষ সেমিনার। পাশাপাশি চলেছে পোস্টার প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সিমুলেশন ল্যাবে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিএইচডি ছাত্র রাজীব কর্মকার।
গণিত বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন। গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়েট ম্যাথ ক্লাবের মডারেটর ও গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক জনাব সেলিম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে চুয়েট উপাচার্য বলেছেন, বর্তমান যুগ বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির যুগ। আর গণিতকে বলা হয় বিজ্ঞানের ভাষা। নিজের জীবন ও দেশকে সুন্দর এবং সার্থকভাবে গড়ে তুলতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার অপরিহার্য্য। গণিতের কারণেই প্রযুক্তি আজ এতদূর অগ্রসর হতে পেরেছে। গণিত আছে বলেই আজ আমরা অতীত ইতিহাস জানতে পারি। বৈজ্ঞানিক আবিষ্কারের নতুন ধারা সৃষ্টি করার প্রধান সহায়ক হল গণিত। যদি গণিত না এগোয়, তাহলে বিজ্ঞান ও প্রযুক্তি এগোবে না। কেননা গণিতকে কেন্দ্র করেই বিজ্ঞানের এত বিস্তৃতি। ৪র্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে গণিতের প্রতি আগ্রহী হতে হবে। মন থেকে গণিত ভীতি দূর করতে হবে।
বক্তব্য শেষে বেস্ট পোস্টার আঁকিয়ে গণিত বিভাগের এমএসসি শিক্ষার্থী চৈতি দেবী পিয়া এবং পাই ডে কুইজ প্রতিযোগিতায় প্রথম সিএসই বিভাগের ছাত্র নাহিদ হাসান, দ্বিতীয় ইইই বিভাগের ছাত্র আবরার আহনাফ করিম এবং তৃতীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র পলাশ চন্দ্র দেব এর হাতে পুরস্কার তুলে দেন চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।