কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডসে প্রাধান্য ডিজিটাল মাধ্যম
এশিয়া ও অন্যান্য অঞ্চলের তরুণ সাংবাদিক ও যোগাযোগকর্মীদের জন্য বিশেষ সুযোগ নিয়ে এসেছে ২০২৬ সালের কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ড। এ বছর প্রথমবারের মতো চালু হচ্ছে ‘প্যাটসি রবার্টসন অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং কমিউনিকেশন স্কিলস ইন অ্যাডভান্সিং কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড পিস’ ক্যাটেগরি। এই ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তদের ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে ডিজিটাল দক্ষতা ও মাধ্যম। কেননা, বিশেষ পুরস্কারটি দেওয়া হবে সেই সব তরুণ সাংবাদিক, লেখক, সম্প্রচারক ও যোগাযোগকর্মীদের, যারা সাহস, সৃজনশীলতা ও নিষ্ঠার সঙ্গে মিডিয়া স্বাধীনতা, অন্তর্ভুক্তিমূলক সমাজ ও গণতন্ত্রকে এগিয়ে নিচ্ছেন।
সম্পাদক, রিপোর্টার ও ফটোসাংবাদিকদের পাশাপাশি নতুন যুক্ত ক্যাটেগরিতে আবেদন করতে পারবেন ওয়েবকাস্টার, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, ভাষ্যকার, সম্প্রচারক, ব্লগার, পডকাস্টার ও স্ট্রিমাররা। পুরস্কার হিসেবে থাকছে এক হাজার পাউন্ড নগদ অর্থ, একটি সনদ ও একটি ট্রফি।
কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডের সাধারণ নিয়ম অনুযায়ী আবেদনকারীদের অবশ্যই কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে ও আগামী ৩১ ডিসেম্বর তারিখে বয়স ১৫ থেকে ২৯ বছরের মধ্যে হতে হবে। অন্তত ১২ মাস পেশাদার বা স্বেচ্ছাসেবী হিসেবে উন্নয়নমূলক কাজে যুক্ত থাকতে হবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) যেকোনো একটি বাস্তবায়নে উল্লেখযোগ্য অবদান রাখতে হবে।
প্যাটসি রবার্টসন পুরস্কারের জন্য যোগ্য হতে হলে আবেদনকারীকে জমা দিতে হবে তাদের কাজের নমুনা, পেশাগত রেফারেন্স এবং কীভাবে তাদের কাজ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-১৬ (শান্তি, ন্যায়বিচার ও দৃঢ় প্রতিষ্ঠান) অগ্রসর করছে তার প্রমাণ।
আবেদনের শেষ তারিখ ১৭ অক্টোবর ২০২৫। অনলাইনে এই ঠিকানায় গিয়ে আবেদন করা যাবে পুরস্কারের জন্য।







