স্প্যানিশ কোম্পানির সাথে যৌথভাবে ইলেকট্রিক বাইক আনছে রয়েল এনফিল্ড

১২ মে, ২০২৩ ২০:২৫  

দীর্ঘদিন ধরেই রয়েল এনফিল্ড এর ইলেকট্রিক মোটরবাইক বাজারে হাজির করা নিয়ে বিভিন্ন কানাঘুষা শোনা যাচ্ছে। এর আগে এ সম্পর্কিত একাধিক প্রতিবেদনও প্রকাশ পেয়েছে। যেগুলোতে এবার সিলমোহর দিলো খোদ রয়েল এনফিল্ড। বার্ষিক ফলাফল ঘোষণাকালে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সিদ্ধার্থ লাল নিশ্চিত করলেন যে, বর্তমানে তাদের সংস্থা ইলেকট্রিক মোটরসাইকেলের উপর কাজ করছে।

নতুন এই ইলেকট্রিক বাইক ‘স্টার্ক ফিউচার’ নামক এক স্প্যানিশ সংস্থার সাথে যৌথভাবে তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই স্টার্ক-এ ৫ কোটি ইউরো বিনিয়োগ করেছে রয়েল এনফিল্ড।

রয়েল এনফিল্ড এর প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল কবে বাজারে আসবে, সে সম্পর্কিত কোনো তথ্য সংস্থা জানায়নি। তবে আগামী কয়েক বছরের মধ্যেই এটি উন্মোচিত হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

আইশার মোটরস এর ব্যবস্থাপনা পরিচালক সিদ্ধার্থ লাল বলেন, "আমরা আমাদের ইলেকট্রিক ভেহিকেলের যাত্রাতে আত্মবিশ্বাস সঞ্চয় করছি। যাতে এক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের মুখ দেখা যায়, তার পরিকল্পনা করছি। আমাদের অংশীদার স্টার্কের সাথে পথ চলার শুরুটা দারুণ ছিল।"

এছাড়া রয়েল এনফিল্ড নিজেদের ব্যাটারি এবং মোটর তৈরিতে মনোনিবেশ করেছে। তাই নিজস্ব বিএমএস বা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমসহ বাইক হাজির করতে পারে সংস্থাটি।

ডিবিটেক/বিএমটি