লকডাউনে ওয়ারী, জরুরী খাদ্য সরবরাহ শুরু ই-ক্যাব সদস্যদের

৪ জুলাই, ২০২০ ২১:১১  
আজ শনিবার (৪ জুলাই) থেকে ২১ দিনের লকডাউন শুরু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর ৪১ নং ওয়ার্ড ওয়ারীতে। দুটি প্রবেশমুখ ছাড়া সব রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। ফলে জরুরী চিকিৎসা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারবে না সেখানকার কেউই। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পৌঁছে দেয়ার জন্য এটুআই এর হয়ে কাজ করছে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর বিশটিরও বেশী প্রতিষ্ঠান। ঢাকা শহরে লকডাউন এলাকায় সেবা দেয়ার জন্য সক্ষমতা এবং বিগত দিনের সেবার উপর বিশ্লেষণ করে এটুআইর তত্ববধানে ই-ক্যাবের ১২শ সদস্যের মধ্যে মোট ৭০টি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়েছে। এদের মধ্যে ১০টি প্রতিষ্ঠান ওয়ারীতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা দিচ্ছে। একটি অনলাইন ফার্মেসীসহ আরো ১০টি প্রতিষ্ঠান জরুরী সেবার জন্য প্রস্তুত থাকবে এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো শুধু অর্ডারের ভিত্তিতে নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য ডেলিভারী দিতে পারবে। ই-ক্যাবের সাধারন সম্পাদক মো: আবদুল ওয়াহেদ তমাল জানিয়েছেন,, ই ক্যাব এর তত্ত্বাবধানে জরুরী নিত্যপণ্য ও খাদ্য সরবরাহ করতে প্রথম দিন কাজ শুরু করেছে ইভ্যালি, চালডাল, ডিরেক্ট ফ্রেশ, ফ্রেশ ই স্টোর। পাওয়া যাচ্ছে সবজি, কাঁচা বাজার, গ্রসারি বিভিন্ন পণ্য। এছাড়াও মিনা বাজার, স্বপ্ন, বিগ বাজার থেকেও কেনাকাটা করতে পারবেন লক ডাউন এলাকার জনসাধারণ। পুলিশ, সেনাসদস্য, এটুআই প্রতিনিধি, ইক্যাব প্রতিনিধি ছাড়াও স্থানীয় স্বেচ্চাসেবকরা দায়িত্ব পালন করছে।