প্যাকেজ বাস্তবায়নে ডিজিটাল ব্যাংকিং ও দেশী সফটওয়্যার ব্যবহারের নির্দেশ
করোনাভাইরাস সংক্রমণ রোধে গ্রাহকদের স্বশরীরে ব্যাংকে গিয়ে সেবা গ্রহণ সংক্রমণ ঝুঁকি বাড়ায়। এই ঝুঁকি রোধে ডিজিটাল ওয়ালেটভিত্তিক বা অ্যাপসভিত্তিক ডিজিটাল ব্যাংকিংসেবা প্রচলনের নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
সরকারের প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান এবং এমডিদের কাছে গত ২ জুন চিঠি পাঠিয়ে এই নির্দেশনা দেয়া হয়েছে।
চিঠিতে উন্নত বিশ্বের মতো ব্যাংক লেনদেন হাতের মুঠোয় আনতে ফিন টেক প্রযুক্তি ব্যবহারে তাগিদ দিয়ে এ ক্ষেত্রে বিদেশি সফটওয়্যার কোম্পানির ওপর নির্ভর না করার নির্দেশনাও দেয়া হয়েছে।
নির্দেশনার একটি কপি বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের কাছেও পাঠানো হয়েছে।
নির্দেশনায়, ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা প্রদান এবং কৃষক ও প্রান্তিক উদ্যোক্তাদের দ্রুততম সময়ে ঋণের অর্থ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে সরাসরি বিতরণের বিষয়েও ব্যাংকের পরিচালনা পর্ষদ বিবেচনা করতে পারেন বলেও উল্লেখ করা হয়েছে।
পাশাপাশি গ্রাহকের চাহিদা অনুযায়ী যুগোপযোগী প্রযুক্তিনির্ভর ব্যাংকিং প্রাডাক্ট চালুর মাধ্যমে গ্রাহকের কাছে বিভিন্ন সেবা পৌঁছানোর পরামর্শ দেয়া হয়েছে।
এতে, ব্যাংকিং খাতে প্রযুক্তি ব্যবহারে বিদেশি সফটওয়্যার কোম্পানির ওপর নির্ভর না করে দেশীয় সফটওয়্যার ব্যবহারের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে।