নবনিযুক্ত বিটিআরসির চেয়ারম্যানের সংগে এমটব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৪ ডিসেম্বর, ২০২৩ ১৮:৫০  

মোবাইল টেলিকম খাতের সংগঠন এমটবের শীর্ষ কর্মকর্তারা আজ বৃহস্পতিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নবনিযুক্ত চেয়ারম্যান জনাব মহিউদ্দিন আহমেদের সাথে এক সৌজন্য সাক্ষাত করেন।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এমটব সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়াসির আজমানের নেতৃত্বে প্রতিনিধি দলে এ সময় (বাম থেকে) উপস্থিত ছিলেন গ্রামীণফোনের রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের সিনিয়র ডিরেক্টর হোসেন সাদাত, এমটব মহাসচিব লে কর্নেল মোহাম্মদ জুলফিকার (অবঃ), বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, বিটিআরসি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, বাংলালিংকের কর্পোরেট ও রেগুলেটরি বিভাগের উপপরিচালক মোস্তফা কামাল মাসুদ, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. হাবিবুর রহমান, বাংলালিংকের হেড অফ কর্পোরেট কমিউনিকেশন তৌহিদ আহমেদ, রবির ভাইস প্রেসিডেন্ট শাহ ফজলে খুদা এবং টেলিটকের উপমহাব্যবস্থাপক মামুন রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময় শেষে বিটিআরসি চেয়ারম্যান অপারেটরদের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন।

ছবি কৃতজ্ঞতা : বিটিআরসি

এমটব মহাসচিব লে কর্নেল মোহাম্মদ জুলফিকার (অব:) বলেন, "বিটিআরসির নবনিযুক্ত চেয়ারম্যান জনাব মহিউদ্দিন আহমেদকে আন্তরিক স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা নিশ্চিত যে একজন অভিজ্ঞ প্রকৌশলী হিসেবে টেলিকম রেগুলেশন এবং ইন্ডাস্ট্রি ইকোসিস্টেম সম্পর্কে দীর্ঘ অভিজ্ঞতার কারণে তিনি এই খাতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে সক্ষম হবেন। তার দিকনির্দেশনায় টেলিযোগাযোগ শিল্প নতুন এবং সৃজনশীল উন্নয়নের পথে আরও বেগবান হবে এবং দেশের ডিজিটালাইজেশন প্রক্রিয়াকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। আমরা নিশ্চিত যে তার কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্য অর্জনের প্রতি ঐকান্তিক প্রচেষ্টা টেলিযোগাযোগ শিল্পের উল্লেখযোগ্য অগ্রগতির দ্বার উন্মোচন করবে। তার অসাধারণ কর্মদক্ষতা এবং নেতৃত্বের গুণাবলী আমাদের সকলকে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করবে। আমরা তার উত্তরোত্তর সাফল্য প্রত্যাশা করি। সামনের দিনগুলোতে তার নির্দেশনায় বিটিআরসি এবং টেলিকম খাত একে অপরের পরিপূরক হিসেবে এগিয়ে যাবে।"