ডিজিটাল অলরাউন্ডার ‘ওয়ার্ডউইজ’ নিয়ে প্রযুক্তি ব্যবসায় আসছেন সাকিব!

১৭ এপ্রিল, ২০২০ ০০:২৭  
ইন্টারনেটকে দূষণমুক্ত করতে দেশে প্রথমবারের মতো আসছে বাংলাভাষী পিডিএসএস সফটওয়্যার। এই ব্যক্তিগত ডিজিটাল সুরক্ষা সিস্টেম সলিউশনটির নাম ওয়ার্ডউইজ। সূত্রমতে, জার্মানী এই পিডিএসএস সফটওয়্যার ওয়ার্ডউইজ-এ সাইবার-অপরাধীকে প্রতিহত করা থেকে শুরু করে প্যারেন্টাল নিয়ন্ত্রণ সব সুবিধাই সংযুক্ত করা হয়েছে বাংলা ভাষায় । বাংলাদেশের জন্য বিশেষভাবে বাংলায় রুপান্তর করা হয়েছে। একান্ত ঘনিষ্ঠ সূত্রে জানাগেছে, এই সফটওয়্যারটি নিয়ে প্রযুক্তি ব্যবসায় আঁটসাট বেঁধে নামছেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সম্প্রতি সাকিব-শিশিরের ঘরে কন্যা সন্তান জন্ম নেয়ায় সাকিবের ব্যস্ততা এবং করোনা ভাইরাসের কারণে সহসাই তিনি এই সফটওয়্যার নিয়ে আত্মপ্রকাশ করছেন না। আপাতত ইউএসবি ভ্যাকসিনেটর সুবিধার ওয়ার্ডউইজ সফটওয়্যারটি অনলাইনে বাংলাদেশে অবমুক্ত করতে যাচ্ছে তার অংশীদারিত্বে নতুন নিবন্ধিত টেক কোম্পানি ‘এটু এরিনা’ লিমিটেড। সূত্রমতে, সাকিব আল হাসান এই কোম্পানির চেয়ারম্যান। এদিকে করোনার এই তান্ডবে যেনো শিশু বা আগামী প্রজন্ম যেন অনলাইনে নিরাপদ থাকতে পারে সেজন্য ঘরোয়া ভাবেই গত পহেলা বৈশাখে এই সফটওয়্যারটির জমকালো আয়োজনে মোড়ক উন্মোচনের আগেই অনলাইনে অবমুক্তির বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে বৈঠক করেছেন এটু এরিনার প্রধান নির্বাহী এ ইউ খান জুয়েল। সেসময় ওয়ার্ডউইজ এর এজিএম অসীম বসু এবং সিনিয়র সেলস ম্যানেজার- এপ্যাক ওয়ার্ডউইজ তার সঙ্গে ছিলেন। এটু এরিনা’র প্রধান নির্বাহী এ ইউ খান জুয়েল জানিয়েছেন, ওয়ার্ডউইজ এর মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানদেরকে বিভিন্ন ডিজিটাল হুমকি থেকে সুরক্ষিত রাখতে পারবেন এবং এর সাথে বিভিন্ন সাইবার ক্রাইম ও হ্যাকারদের থেকেও নিরাপদ রাখতে সক্ষম হবেন। জানাগেছে, এই সফটওয়্যারটি বাংলাভাষাও বুঝতে পারবে। ফলে বাংলা শব্দ বা অক্ষর ব্যবহার করেও যদি কেউ সাইবার অপরাধ করতে চান তবে তা থেকেও প্রতিরক্ষ ব্যবস্থা তৈরি করতে সক্ষম ওয়ার্ডউইজ।