কক্সবাজারে আই-ট্রিপল-ই এর উদ্যোগে ২৬তম আইসিসিআইটি এবং ১০ম আইসিপিএস অনুষ্ঠিত
পর্যটন নগরী কক্সবাজারের হোটেল লং বিচে অনুষ্ঠিত হলো বিশ্বের বৃহত্তম টেকনিক্যাল পেশাজীবী সংগঠন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (IEEE), বাংলাদেশ সেকশন-এর তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন।
এবারের আইসিসিআইটি'তে ৫৫২টি এবং আইসিপিএস'তে ১৪৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। সভা দুটিতে ১৩টি কী-নোট স্পিচ, ২টি ইন্ডাস্ট্রি টক এবং ১টি প্যানেল ডিসকাশন ছিল। এতে দেশ-বিদেশের শিক্ষক, গবেষক ও প্রকৌশল শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত ৪০০ জনের মিলন মেলা বসে। এই মিলন মেলায় দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভার্চুয়ালি যোগ দেন আরো অনেক শিক্ষক-গবেষক।
সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস নিউটাউনভিলের কনসালট্যান্ট ও আইইইই'র ভাইস প্রেসিডেন্ট মি. ম্যানফ্রেড জে. শিন্ডল্যার (Manfred J. Schindler)। তারা উভয়ে ভার্চুয়ালি যুক্ত হন "২৬তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, আইসিসিআইটি-২০২৩" (The 26th International Conference on Computer and Information Technology; ICCIT-2023) এবং "১০ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পাওয়ার সিস্টেমস" (The 10th International Conference on Power Systems; ICPS-2023) শীর্ষক দুইটি আন্তর্জাতিক সভায়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিসিআইটি-২০২৩ এর জেনারেল চেয়ার ও যুক্তরাষ্ট্রের মিনেসোটা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ড. মোহাম্মদ এস. আলম।
অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন আইসিসিআইটি-২০২৩ ও আইসিপিএস-২০২৩ এর জেনারেল চেয়ার ও ডব্লিউআইই'র চেয়ার (প্রথম বাংলাদেশি) বুয়েটের প্রফেসর ড. সেলিয়া শাহনাজ, কনফারেন্স দুটির টেকনিক্যাল প্রোগ্রাম চেয়ার বুয়েটের প্রফেসর ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ এবং আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার ও চুয়েটের সিএসই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মশিউল হক।
সম্মেলনে গবেষকরা বলেন, "৪র্থ শিল্পবিপ্লব ও বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও টেকসই উন্নয়ন একসূত্রে গাঁথা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইওটি, রোবটিক, মেশিন লার্নিং প্রভৃতি প্রযুক্তির হাত ধরে বর্তমান বিশ্ব যেই গতিতে এগিয়ে যাচ্ছে, তাতে দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসতে হবে। আইইইই-এর আন্তর্জাতিক কনফারেন্সগুলোতে উপস্থাপিত গবেষণা প্রবন্ধগুলো সেই লক্ষ্যের দিকেই এগিয়ে নিয়ে যাবে বলেই আমাদের বিশ্বাস।"







