একমাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক বাড়লো ৩৪ লাখ, সিম গ্রাহক সাড়ে ১১ লাখ

১ আগষ্ট, ২০২১ ১৬:৩৮  
দেশে গত এক মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক বৃদ্ধি পেয়েছে ৩৪ লাখ। একই সময়ের মধ্যে মোবাইল গ্রাহক বৃদ্ধি পেয়েছে ১১ লাখ ৪০ হাজার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির দেয়া জুন মাসের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই চিত্রের দেখা মিলেছে। বিটিআরসি জানিয়েছে, চলতি বছরের মে মাসে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ছিল ১০ কোটি ৭৫ লাখ যা জুন মাস শেষে হয়েছে ১১ কোটি ৯ লাখ। অপরদিকে মে মাসে দেশে মোট সিম ব্যবহারকারী ছিল ১৭ কোটি ৫২ লাখ ৭০ হাজার। যা জুন মাস শেষে হয়েছে ১৭ ক্কোটি ৬৪ লাখ ১০ হাজার। এক মাসে গ্রামীণফোনের গ্রাহক বৃদ্ধি পেয়েছে ৪ লাখ ৯০ হাজার, রবির দুই লাখ ৬০ হাজার, বাংলালিংকের দুই লাখ ৩০ হাজার এবং টেলিটকের এক লাখ ৬০ হাজার গ্রাহক বৃদ্ধি পেয়েছে। এদিকে এক মাসের ব্যবধানে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে দুই লাখ ৪০ হাজার। মে মাস শেষে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারী ছিল ৯৮ লাখ ১০ হাজার যা জুনে মাস শেষে হয়েছে এক কোটি ৫০ হাজার।