২০২৫ সালে এআই চিপে ১২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বাইটড্যান্স
টিকটকের মালিকানা প্রতিষ্ঠান চীনের বাইটড্যান্স কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোতে ২০২৫ সালে ১২ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে বলে জানিয়েছে ফাইনান্সিয়াল টাইমস। এই বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি উন্নত এআই প্রযুক্তি উন্নয়ন ও মডেল প্রশিক্ষণে এগিয়ে যেতে চায়। খবর রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, বাইটড্যান্স চীনে ৪০ বিলিয়ন ইউয়ান (৫.৫ বিলিয়ন ডলার) ব্যয়ে এআই চিপ কিনবে এবং বিদেশে ৬.৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করে উন্নত এনভিডিয়া চিপ ব্যবহার করে এআই মডেল প্রশিক্ষণ সক্ষমতা বাড়াবে।
চীনের স্থানীয় সরবরাহকারীদের কাছ থেকে বাইটড্যান্সের ৬০% চিপ অর্ডার দেওয়া হবে, যার মধ্যে হুয়াওয়ে এবং ক্যামব্রিকন অন্যতম। বাকি অর্ডার যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এনভিডিয়ার চিপের জন্য ব্যয় হবে।
বাইটড্যান্সের একজন মুখপাত্র ফাইনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে তথ্যকে ভুল বলে দাবি করেছেন। তবে এনভিডিয়া এবং সংশ্লিষ্ট অন্য প্রতিষ্ঠানগুলো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এদিকে, বেইজিং চীনা প্রযুক্তি কোম্পানিগুলোকে অন্তত ৩০% চিপ স্থানীয় সরবরাহকারীদের কাছ থেকে কিনতে পরামর্শ দিয়েছে।
এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটকের ওপর নিষেধাজ্ঞা কার্যকরের তারিখ ১৯ জানুয়ারি থেকে পিছিয়ে দিয়েছেন, যা বাইটড্যান্সের জন্য একটি ইতিবাচক বার্তা।







