ফিটবিটকে ১২ মিলিয়ন ডলার জরিমানা
ফিটবিটের আইওনিক স্মার্টওয়াচের গুরুতর ত্রুটির কারণে কোম্পানিটিকে ১২.২৫ মিলিয়ন ডলার জরিমানা দিতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভোক্তা পণ্য সুরক্ষা কমিশন (সিপিএসসি) জানিয়েছে, স্মার্টওয়াচটির ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে গ্রাহকদের ত্বকে পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। খবর ফোন এরিনা।
২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ফিটবিট বেশ কয়েকটি রিপোর্ট পায় যেখানে গ্রাহকরা দ্বিতীয় এবং তৃতীয় ডিগ্রির পোড়ার শিকার হন। ২০২০ সালে ফার্মওয়্যার আপডেট দেওয়া হলেও ত্রুটি পুরোপুরি সমাধান হয়নি।
২০২২ সালের মার্চে স্মার্টওয়াচটি প্রত্যাহার করা হয়। তখন যুক্তরাষ্ট্রে ১১৫টি অতিরিক্ত গরম হওয়ার ঘটনা এবং ৭৮টি পোড়ার অভিযোগ পাওয়া যায়, যার মধ্যে দুইটি তৃতীয় ডিগ্রি এবং চারটি দ্বিতীয় ডিগ্রির পোড়া ছিল।
জরিমানার পাশাপাশি, ফিটবিটকে ভোক্তা পণ্য সুরক্ষা আইনের (সিপিএসএ) সাথে সামঞ্জস্য বজায় রাখতে একটি উন্নত অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন করতে হবে এবং প্রতিবছর এর কার্যকারিতা সম্পর্কে প্রতিবেদন জমা দিতে হবে।
এই পদক্ষেপের মাধ্যমে ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সিপিএসসি কঠোর ব্যবস্থা নিয়েছে।



