ক্রিয়েভেঞ্চারের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন স্টার্টআপ ফ্রন্টিয়ারস

ক্রিয়েভেঞ্চারের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন স্টার্টআপ ফ্রন্টিয়ারস
১৯ মে, ২০২৪ ১৪:১০  
৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:২০  

ন্যাশনাল আইডিয়া পিচিং কম্পিটিশন ক্রিয়েভেঞ্চারের তৃতীয় আসরে সেরা টিম নির্বাচিত হলো 'স্টার্টআপ ফ্রন্টিয়ারস'। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রথম রানার্সআপ হয়েছে 'থ্রি বডি প্রবলেম' এবং দ্বিতীয় রানার্সআপ 'প্রফেশনাল ইয়াপার্স'।

ঢাকা ইউনির্ভাসিটি অন্ট্রাপ্রেনিউরশিপ ডেভলপমেন্ট ক্লাব (ডিইউইডিসি) আয়োজিত ট্রাস্ট ব্যাংক প্রেজেন্টস্ উইথ সাউথইস্ট ব্যাংক এর পার্টনারশীপে মাসব্যাপী অনুষ্ঠিত হয় তিন পর্বের এ প্রতিযোগিতা। প্রতিযোগিতার স্ট্রাটেজিক পার্টনার ছিলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর আইডিয়া প্রকল্প।

ঢাকার গুলশানে অবস্থিত হোটেল বেঙ্গল ব্লুবেরিতে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ‘ক্রিয়েভেঞ্চার ৩.০’ এর সমাপনী পর্ব। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিসি এর নির্বাহী পরিচালক (গ্রেড-১) রণজিৎ কুমার। দিনব্যাপী আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অন্ট্রাপেনিউরশিপ ডেভলপমেন্ট ক্লাবের মডারেটর ও চিফ প্যাট্রন প্রফেসর ড. রাফিউদ্দিন আহমেদ, ইনোভেশন, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট একাডেমী (আইডিয়া) প্রজেক্ট এর কনসালট্যান্ট এবং হেড অপারেশন্স সিদ্ধার্থ গোস্বামী এবং গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর দীপেশ নাগ।

অনুষ্ঠানে অংশগ্রহণ করে কলেজ থেকে স্নাতক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে ৪০০ টির ও বেশি সংখ্যক দল। বুটক্যাম্প, প্রশিক্ষণ, নেটওয়ার্কিং, সার্টিফিকেট এবং আকর্ষণীয় পুরস্কারসহ বিভিন্ন কার্যক্রমের সমন্বয়ে আয়োজিত এ প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে। প্রথম পর্বে প্রতিযোগীদের অংশগ্রহণ করতে হয় ছয়টি অনলাইন সেশনে।

প্রথম পর্বের শীর্ষ ২০টি দল বুটক্যাম্পের সুযোগ পায় আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পে এবং এবং শীর্ষ ১০ টি দলের বুটক্যাম্প অনুষ্ঠিত হয় বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বি.ওয়াই.এল.সি)-তে। দ্বিতীয় পর্বে ১০টি দলের প্রেজেন্টেশন যাচাই-বাছাই শেষে মোট ৮টি দল ফাইনাল রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পায়।

শিক্ষার্থীদের উদ্ভাবনীমুলক চিন্তাভাবনার প্রসার ঘটানোর এক দারুণ সুযোগ করে দেয়ার লক্ষ্যে ২০২১ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে ক্রিয়েভেঞ্চার।