অ্যাপলের সাথে এআই চুক্তিতে আলিবাবা

অ্যাপলের সাথে এআই চুক্তিতে আলিবাবা
১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:৫৯  
১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১৭:০২  

চীনের প্রযুক্তি বাজারে বড় সাফল্য পেলো আলিবাবা। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত চুক্তির ঘোষণা দিয়েছে আলিবাবা। এই চুক্তির ফলে চীনে আইফোনের এআই ফিচার পরিচালনায় আলিবাবার প্রযুক্তি ব্যবহৃত হবে। এতে চীনের প্রতিযোগিতাপূর্ণ এআই বাজারে আলিবাবার অবস্থান আরও শক্তিশালী হলো। খবর রয়টার্স।

বুধবার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-এ আলিবাবার চেয়ারম্যান জোসেফ সাই জানান, "অ্যাপল চীনের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছিল। শেষ পর্যন্ত তারা আমাদেরকে বেছে নিয়েছে। তাদের ফোনের এআই সক্ষমতার জন্য তারা আমাদের প্রযুক্তি ব্যবহার করবে, যা আমাদের জন্য গর্বের বিষয়।"

এর আগে চীনে অ্যাপলের এআই কৌশল নিয়ে অনিশ্চয়তা ছিল। প্রতিষ্ঠানটি বাইদু, বাইটড্যান্স এবং টেনসেন্টের মতো স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল।

বিশ্ববাজারে অ্যাপল ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ এবং ওপেনএআই এর চ্যাটজিপিটি ব্যবহার করছে। তবে চীনের বাজারে এআই প্রযুক্তির জন্য সরকারিভাবে অনুমোদন প্রয়োজন। প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল ও আলিবাবা ইতোমধ্যেই অনুমোদনের জন্য প্রয়োজনীয় নথি জমা দিয়েছে।

এই চুক্তির খবর প্রকাশের পর আলিবাবার হংকং স্টক এক্সচেঞ্জের শেয়ার মূল্য ৯.২% বেড়ে ১২৪.৩ হংকং ডলারে পৌঁছে, যা জানুয়ারি ২০২২ সালের পর সর্বোচ্চ। তবে দিন শেষে শেয়ার মূল্য ২.৬% বৃদ্ধি পায়।

বিশ্লেষকদের মতে, চীনে অ্যাপলের সাফল্য নির্ভর করবে কতো দ্রুত তারা নতুন এআই ফিচার চালু করতে পারে তার ওপর।

ডিবিটেক/বিএমটি