সরকারি ও প্রতিরক্ষা সংস্থাকে নিশানা করে দ্বৈত ফরম্যাটের নতুন ফাঁদ

বাংলাদেশে সাইডউইন্ডারের ভয়াবহ সাইবার হামলার সতর্কবার্তা

  •  বিজিডি ই-গভ সার্ট সাইডউইন্ডার হ্যাকার গ্রুপের স্পিয়ার-ফিশিং প্রচারণার সাইবার থ্রেট অ্যাডভাইজরি প্রকাশ

বাংলাদেশে সাইডউইন্ডারের ভয়াবহ সাইবার হামলার সতর্কবার্তা
৩০ জুলাই, ২০২৬ ১৮:৪৬  

বাংলাদেশের সরকারি, সামরিক ও কূটনৈতিক খাতকে লক্ষ্য করে সাইবার হামলা চালাচ্ছে ভারতের সাথে সম্পর্কিত সাইডউইন্ডার (SideWinder) নামক একটি অ্যাডভান্সড পারসিস্টেন্ট থ্রেট (APT) গ্রুপ। 

৩০ জুলাই, বৃহস্পতিবার এই গ্রুপটির  সক্রিয় ও ক্রমবর্ধমান স্পিয়ার-ফিশিং প্রচারণার বিষয়ে সতর্কবার্তা জারি করেছে সরকারের সাইবার সুরক্ষা পর্যবেক্ষণ প্রতিষ্ঠান  বিজিডি ই-গভ সার্ট (BGD e-GOV CIRT)। 

সংস্থাটি জানিয়েছে, ২০২৬ সালের ২১ এপ্রিল থেকে ২৮ জুলাইয়ের মধ্যে হামলাকারীরা বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সরকারি প্রতিষ্ঠানের ছদ্মবেশে ১১টি মূল ডোমেইন ও ৬০টিরও বেশি ক্ষতিকর সাবডোমেইন সমন্বিত একটি নেটওয়ার্ক তৈরি করেছে।  

বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (DSHE), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ক্যাবিনেট বিভাগ, বাংলাদেশ নৌবাহিনী এবং আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসকে লক্ষ্য করে ক্ষতিকর সাবডোমেইন ও পিউনি কোড ডোমেইন ব্যবহার করা হচ্ছে বলে নিশ্চিত হয়েছে বিজিডি সার্টের তদন্ত দল। তারা বলছে, এই হামলায় অসৎ উদ্দেশ্যে ওয়ার্ড (DOCX) এবং পিডিএফ (PDF) উভয় ফরম্যাটের ফাইল ব্যবহার করা হচ্ছে। উভয় ধরণের ফাইল খুললেই স্বয়ংক্রিয়ভাবে অ্যাটাকারের ডোমেইনে ব্যাকগ্রাউন্ড ট্রাফিক পাঠানো ও শিকারকে ট্র্যাক করা সম্ভব হচ্ছে।  

এ নিয়ে পরিচালিত নিবিঢ় গবেষণায় দেখা গেছে, হ্যাকাররা দুই ধরনের ক্ষতিকর টুলকিট একই সাথে পরিচালনা করছে। একটির মাধ্যমে নতুন ওএলই (OLE) টেমপ্লেট ইনজেকশন চালানো হচ্ছে এবং অন্যটিতে ২০১৭ সালের পুরোনো কিন্তু মারাত্মক 'CVE-2017-0199' নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে গ্রাহকের স্পর্শকাতর ও লগইন তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে। 

নিরাপত্তা রক্ষায় সরকারি প্রতিষ্ঠানসমূহকে পুরোনো মাইক্রোসফ্ট অফিস আপডেট করা, স্বয়ংক্রিয় ডাটা লিংক বন্ধ করা এবং নির্দেশিত ক্ষতিকর ডোমেইন ও আইপি ব্লক করার তাগিদ দেওয়া হয়েছে।  
//ডিবিটেক/ সংবাদ/ সম্পাদনা//