শিক্ষার্থীদের মধ্যে সহপাঠ কার্যক্রমে গুরুত্বারোপ করলেন সচিব

শিক্ষার্থীদের মধ্যে সহপাঠ কার্যক্রমে গুরুত্বারোপ করলেন সচিব
৭ এপ্রিল, ২০২৬ ১৯:২৫  

এখন থেকে প্রতি মাসে বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক। এসময় শিক্ষার্থীদের মধ্যে সহপাঠ কার্যক্রম এবং পরিস্কার পরিচ্ছন্নতায় গুরুত্বারোপন করেন তিনি। 

৭ এপ্রিল, মঙ্গলবার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), পরিদর্শন ও নিরীক্ষা (ডিআইএ), শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ পরিদর্শনে গিয়ে এই বার্তা দেন শিক্ষা সচিব।

পরিদর্শনের সময় এসব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঠিক সময়ে অফিসে উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজ খবর নেন সচিব। এ সময় তিনি বিদ্যুতের অপচয় রোধ, এসির কম ব্যবহার এবং অফিস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নির্দেশ দেন। 

সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সচিবের একান্ত সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী। তিনি জানান, পরিদর্শনকালে সচিব বলেছেন, ‘শুধু পাঠ্যবই নয়, শিক্ষার্থীদের দক্ষ ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে বিশেষ জোর দিতে চাই সহপাঠ কার্যক্রম এবং সৃজনশীলতার ওপর। শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা ও মানসিক বিকাশ নিশ্চিত করাই আজকের আকস্মিক পরিদর্শনের মূল উদ্দেশ্য।’

‘আমাদের কাজের মানই নির্ধারণ করে শিক্ষাব্যবস্থার মান। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ আর আন্তরিক সেবাই হোক আমাদের অঙ্গীকার,’ বলছিলেন তিনি।

সচিব আরও বলেছেন, ‘শিক্ষার্থীদের আরও দক্ষ করে গড়ে তুলতে আমাদের পক্ষ থেকে প্রতি মাসে অন্তত একবার করে পরিদর্শন করা হবে শিক্ষাপ্রতিষ্ঠান। এতে নিয়মিতভাবে অগ্রগতি পর্যবেক্ষণপূর্বক দেওয়া যাবে প্রয়োজনীয় দিকনির্দেশনা।’

এ সময় শিক্ষা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে শিক্ষা সচিব অবদুল খালেক বলেন, দপ্তরের পরিবেশ সব সময় পরিচ্ছন্ন রাখতে হবে, সময় মতো অফিসে উপস্থি থাকতে হবে এবং দায়িত্ব পালনে আরও আন্তরিক হতে হবে। মনে রাখতে হবে, আমাদের কাজের মানই শিক্ষাব্যবস্থার মান নির্ধারণ করে।

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বিভিন্ন ক্লাস রুম পরিদর্শনের সময় ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের কাছে পড়াশোনার পাশাপাশি নানা এক্টিভিটিস সম্পর্কে জানতে চান সচিব।

তিনি বলেন, এই আকস্মিক পরিদর্শনের মূল উদ্দে্শ্য হলো আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা এবং বিশেষ করে শিক্ষার্থীদের দক্ষতা ও মানসিক বিকাশের বিষয়টি যে, প্রতিষ্ঠানটি পরিষ্কার-পরিচ্ছন্ন এবং একটি সুন্দর পরিবেশ বজায় রাখা হয়েছে-এটি সত্যিই প্রশংসনীয়।

তবে, আমি কিছু বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করি বলতে চাই- শিক্ষার্থীদের মধ্যে সহপাঠ কার্যক্রম বা অন্যান্য কারিকুলাম কার্যক্রম নিয়ে এক ধরনের ঘাটতি লক্ষ্য করা গেছে। একটি শিক্ষা প্রতিষ্ঠান কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, সৃজনশীল কাজ-এসবই এক শিক্ষার্থীকে দক্ষ, আত্মবিশ্বাসী ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। তাই এ বিষয়ে আরও গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, আমি ঘোষণা দিতে চাই, শিক্ষার্থীদের নিজেদের আরও দক্ষ ও মজবুত করে গড়ে তুলতে প্রতি মাসে অন্তত একবার করে আমি নিজে বা আমার প্রতিনিধি পরিদর্শনে আসব। এতে করে আমরা নিয়মিতভাবে অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারব এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারব। 

ডিবিটেক/ইকে/এমইউআই