প্রচারে হেলিকপ্টার ব্যবহারের অনুমতি চায় বিএনপি

নির্বাচন আচরণ বিধিতে ‘সোশ্যাল মিডিয়া’; ‘এআই’ ও ‘অটোমেশন’ দাবি

নির্বাচন আচরণ বিধিতে ‘সোশ্যাল মিডিয়া’; ‘এআই’ ও ‘অটোমেশন’ দাবি
২৮ জুলাই, ২০২৫ ০৯:২৬  
২৯ জুলাই, ২০২৫ ০০:২৮  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর অপব্যবহার রোধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারে নজরদারি ও বিধিলঙ্ঘন করলে ব্যবস্থা গ্রহণ ছাড়াও প্রচারণার কাজে হেলিকপ্টার ব্যবহারের মতো নতুন কিছু প্রস্তাব পেয়েছে নির্বাচন কমিশন। 

নির্বাচন আচরণ বিধিমালার খসড়ার ওপর প্রাপ্ত ৪২টি মতামতের মধ্যে নির্বাচনে প্রযুক্তির ব্যবহার ও অপব্যবহারের মতো বিষয় উঠে এসেছে।   

নির্বাচন কমিশন সূত্রে প্রকাশ,  ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা’র খসড়া প্রকাশের পর  রাজনৈতিক দলগুলার মধ্যে বিএনপি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ রক্ষণশীল দল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ ও সম্মিলিত গণতান্ত্রিক দল মতামত দিয়েছে।

টিআইবি ছাড়াও ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) মতামত জমা দিয়েছে। এছাড়া প্রবাসীসহ ব্যক্তিপর্যায়ের অন্তত ২৯ জনের মতামত পাওয়া গেছে।

এর মধ্যে আচরণ বিধিমালায় যুক্ত করার জন্য একগুচ্ছ প্রস্তাব দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি)। প্রস্তাবনার বড় অংশ জুড়ে রয়েছে ডিজিটাল প্রযুক্তি। 

প্রস্তাবনায় প্রার্থীর ছবি বা চিহ্ন সংবলিত কাগজ, শার্ট, জ্যাকেট, ফতুয়া, রেক্সিনের পাশাপাশি ডিজিটাল ডিসপ্লে বোর্ড বা ইলেকট্রনিক মাধ্যমসহ অন্য যে কোনো মাধ্যমে প্রস্তুত করা প্রচারপত্র, বিজ্ঞাপনচিত্র এবং বিলবোর্ডকে পোস্টারের সংজ্ঞায় অন্তর্ভূক্ত করার পরামর্শ দেয়া হয়েছে।

এছাদাও প্রার্থীদের হলফনামায় দেওয়া সম্পদ, ঋণ ও আয়-ব্যয়ের তথ্য যাচাইয়ে অটোমেশন পদ্ধতি প্রস্তুতের দাবি করা হয়েছে। 

একইভাবে নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিষয়েও স্পষ্ট নির্দেশনা চাওয়া হয়েছে। এজন্য এআই ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের বিষয়ে আলাদা অনুচ্ছেদ আচরণবিধিতে যুক্ত করার পরামর্শ দেয়া হয়েছে। একইসঙ্গে বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করে মিডিয়া সেল গঠন, এআই ব্যবহার করলে স্পষ্ট ঘোষণা দেওয়া, অপব্যবহারকে নির্বাচনী অপরাধ গণ্য করা এবং সংশ্লিষ্ট দল ও প্রার্থীর দায় নির্ধারণের ব্যবস্থায় গুরুত্বারোপ করেছে টিআইবি।

অপরদিকে বিদেশে বসে সোশাল মিডিয়ায় ভোটারদের বিভ্রান্ত করতে কোনো কনটেন্ট কেউ ছড়ালে দেশে তার প্রচার বন্ধ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) দায়িত্ব দেয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ‘অপব্যবহার’ বন্ধ করতে আচরণবিধিতে আলাদা বিধান যুক্ত করার দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)। একইসঙ্গে দলীয় প্রধানের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত প্রধান, মহাসচিবের জন্য হেলিকপ্টার বা আকাশযানে প্রচার চালানোর সুযোগ রাখার প্রস্তাব দিয়েছে তারা।

আচরণবিধি চূড়ান্ত করার আগে বাছাই পর্বে এগুলো কম্পাইল করে সবার প্রস্তাব উপস্থাপনের পর কমিশন সভায় এগুলো নিয়ে সিদ্ধান্ত জানানো যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।