‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে’

ঢাকা: আদালত প্রাঙ্গণে সাংবাদিকের স্পর্শ নিয়ে আপত্তি জানিয়ে নিজের বিব্রতকর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। তিনি বলেছেন, আদালতে যাওয়া-আসার দীর্ঘ ছয় বছরে সাংবাদিক, ইউটিউবার কিংবা কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কখনো দুর্ব্যবহার করেননি। অথচ সম্প্রতি এক সাংবাদিকের আচরণে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে। ঘটনাটি নিয়ে কথা বলতে গিয়ে পরীমনি বলেন, সে যখন আমাকে ধরল, আমি তাকে […] The post ‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে’
১৭ নভেম্বর, ২০২৬ ১৮:০০  

ঢাকা: আদালত প্রাঙ্গণে সাংবাদিকের স্পর্শ নিয়ে আপত্তি জানিয়ে নিজের বিব্রতকর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। তিনি বলেছেন, আদালতে যাওয়া-আসার দীর্ঘ ছয় বছরে সাংবাদিক, ইউটিউবার কিংবা কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কখনো দুর্ব্যবহার করেননি। অথচ সম্প্রতি এক সাংবাদিকের আচরণে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে।

ঘটনাটি নিয়ে কথা বলতে গিয়ে পরীমনি বলেন, সে যখন আমাকে ধরল, আমি তাকে জিজ্ঞেস করলাম, আমাকে কেন ধরছো? তখন সে তার কার্ড দেখিয়ে বলল, আমি সাংবাদিক। ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ উপস্থিত হন পরীমণি। সকাল সাড়ে ১০টার দিকে আদালতে পৌঁছান তিনি। এ সময় আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে সাম্প্রতিক ওই ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন অভিনেত্রী।

পরীমণি বলেন, ‘এই কোর্টে আসা-যাওয়ার প্রায় ছয় বছর হয়ে গেছে আমার। এখানে ইউটিউবার থেকে শুরু করে, কনটেন্ট ক্রিয়েটর এবং মেইনস্ট্রিমের যারা সাংবাদিক আছেন, তারা সবাই এই ছয়টা বছর আমার সঙ্গে যাওয়া-আসা করেছেন। কেউ বলতে পারবেন, কখনো কারো সঙ্গে আমার একটা দুর্ব্যবহার হয়েছে? পারবেন না।’

এদিকে পরীমণির বিরুদ্ধে করা মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন নতুন এ তারিখ ধার্য করেন।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর মামলাটিতে অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে হাজির হতে পারেননি পরীমনি। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ নভেম্বর শুনানির নতুন তারিখ ধার্য করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‍্যাব। পরদিন ৫ আগস্ট র‍্যাবের পক্ষ থেকে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

তদন্ত শেষে একই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে বলা হয়, পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সিআইডিকে জানিয়েছিল, ২০১৯-২০ অর্থবছরে পরীমণির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে ওই লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়।

অভিযোগপত্রে আরও বলা হয়, মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদক সংগ্রহ করে বাসায় রাখতেন পরীমণি। এ ছাড়া, তার গাড়ি মাদক পরিবহনের কাজে ব্যবহার করা হতো বলেও অভিযোগ করা হয়।

এর আগে ২০২২ সালের ৫ জানুয়ারি বিচারিক আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। একই বছরের ১ মার্চ হাইকোর্ট রুল জারির পাশাপাশি পরীমনির ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরে উচ্চ আদালতের নির্দেশনায় মামলাটিতে পুনরায় অভিযোগ গঠনের শুনানির প্রক্রিয়া শুরু হয়।

The post ‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.