দেশেই চীনের বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি বানাবে রানার
বাংলাদেশে চীনের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির গাড়ি সরবরাহ ও উৎপাদন করবে পুঁজিবাজারে তালিকাভূক্ত রানার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস। সে লক্ষ্যেই বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানির সঙ্গে সরবরাহ ও উৎপাদন চুক্তি করেছে রানার অটোমোবাইলস পিএলসি।
২৪ মার্চ, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে রানার অটোমোবাইলস। এই খবরে শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, রানার অটোমোবাইলসের শেয়ারদর প্রায় ১০ শতাংশ বেড়ে ৩৭ টাকা ৫০ পয়সা হয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৩৪ টাকা ১০ পয়সা।
ঘোষণা থেকে জানা যায়, গত ২০ মার্চ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। সভায় কোম্পানির বর্তমান ব্যবসায়িক অবস্থা নিয়েও আলোচনা হয়েছে।
ঘোষণায় বলা হয়েছে, এ অংশীদারিত্ব দেশের অটোমোবাইল খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে।এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন বাড়ানো এবং প্রযুক্তি হস্তান্তরের সুযোগ তৈরি করা হবে বলে আশা করা হচ্ছে। বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ি নির্মাণে বিওয়াইডির খ্যাতি বিবেচনা করে, পরিচালনা পর্ষদ এ কৌশলগত অংশীদারিত্বের ইতিবাচক প্রভাব নিয়ে আশাবাদী।
প্রসঙ্গত, ২০২৪ সালে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বৈদ্যুতিক গাড়ি বিক্রি শুরু করে বিওয়াইডি। সে সময় থেকে কোম্পানিটির পরিবেশক হিসেবে কাজ করছে রানার গ্রুপের প্রতিষ্ঠান সিজি–রানার বাংলাদেশ লিমিটেড। এর আগে ২০০০ সালে দেশের শীর্ষস্থানীয় মোটরসাইকেল উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে নিজস্ব কারখানায় মোটরসাইকেল উৎপাদন শুরু করে। ময়মনসিংহের ভালুকায় অবস্থিত তাদের উৎপাদন কারখানাটি প্রায় ১০০,০০০ মোটরসাইকেল তৈরির বার্ষিক ক্ষমতা রয়েছে। সেখানে ৮০-১৬৫ সিসি ইঞ্জিনের মোটরসাইকেল এবং স্কুটার প্রস্তুত করা হয়। বর্তমানে চীনের জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান (বিওয়াইডি) এর সাথে চুক্তি করে বাংলাদেশে ইভি (EV) উৎপাদন ও সরবরাহ করতে যাচ্ছে এই অটোমোবাইল গ্রুপটি। এ জন্য ২০২৫ সালের মার্চ মাসে,বিওয়াইডি-এর সাথে 'মাস্টার সাপ্লাই অ্যান্ড ম্যানুফ্যাকচার' চুক্তির মাধ্যমে বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ি তৈরির ঘোষণা দেন রানার গ্রুপ চেয়ারম্যান হাফিজুর রহমান খান।
ডিবিটেক/এমএআর/ইকে



