দক্ষিণ আফ্রিকায় ঠিক ৪০০ রানে থামল বাংলাদেশ

জোহানেসবার্গ টেস্টে আগে ব্যাটিং নিয়ে কাগিসো রাবাদার পেস তোপে পড়ে শুরুতেই তিন উইকেট খুইয়েছিল বাংলাদেশ। সেখান থেকে তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন দাসদের প্রতিরোধ। হৃদয়-লিটন সেঞ্চুরিই পেয়েছেন। দুই সেঞ্চুরি আর তানজিদের ফিফটিতে বাংলাদেশের ইনিংস শেষ পর্যন্ত গিয়ে ঠেকল ঠিক ৪০০ রানে। সোমবার (১৬ নভেম্বর) জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের […] The post দক্ষিণ আফ্রিকায় ঠিক ৪০০ রানে থামল বাংলাদেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

দক্ষিণ আফ্রিকায় ঠিক ৪০০ রানে থামল বাংলাদেশ
১৬ নভেম্বর, ২০২৬ ১৭:০০  

জোহানেসবার্গ টেস্টে আগে ব্যাটিং নিয়ে কাগিসো রাবাদার পেস তোপে পড়ে শুরুতেই তিন উইকেট খুইয়েছিল বাংলাদেশ। সেখান থেকে তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন দাসদের প্রতিরোধ। হৃদয়-লিটন সেঞ্চুরিই পেয়েছেন। দুই সেঞ্চুরি আর তানজিদের ফিফটিতে বাংলাদেশের ইনিংস শেষ পর্যন্ত গিয়ে ঠেকল ঠিক ৪০০ রানে।

সোমবার (১৬ নভেম্বর) জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার সময় বাংলাদেশের স্কোর ছিল ৬ উইকেটে ৩২৭ রান। অর্থাৎ বাকি চার উইকেট হারিয়ে ৭৩ রান তুলতে পারল বাংলাদেশ।

একটা পরিসংখ্যান এই মুহূর্তে নিশ্চয় স্বস্তি দিবে বাংলাদেশকে। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করে কখনো হারেনি কোনো দল। এই স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩২০ পার করা দল জয় পেয়েছে ১২ ম্যাচে, অপর ৭ ম্যাচ ড্র হয়েছে।

আজ নতুন ব্যাটার মেহেদি হাসান মিরাজকে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন ৯২ রানে অপরাজিত থাকা লিটন দাস। সেঞ্চুরির সামনে থাকা লিটন সকালে তাড়াহুড়া করেননি। তবে আলগা বলে রান তুলতে আলসতা করেননি। মার্কো ইয়ানসনকে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেছেন ১৫৪ বলে। ১২টি চার ১টি ছক্কায় তিন অঙ্ক পূর্ণ করেছেন লিটন।

সেঞ্চুরির পর অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটারের উদযাপনটা হলো দেখার মতো। পকেট থেকে চিরকুট বের করে উচিয়ে ধরলেন। তাতে লেখা- ‘হ্যাপি বার্থডে মাই প্রিন্সেস’। লিটনের মেয়ে আনায়রার জন্মদিন আজ। মেয়ের জন্মদিনের বাবার সেঞ্চুরি উপহার!

সেঞ্চুরির পর দ্রুত রান বাড়াতে চেয়েছেন লিটন। তবে মেহেদি হাসান মিরাজ তাকে ভালো সঙ্গ দিতে ব্যর্থ। ১৬ বলে ১০ রান করা মিরাজ ডেল পিটারসনের বলে ফিরেছেন স্লিপে ক্যাচ দিয়ে। লিটন সেঞ্চুরির পর ২০ রান যোগ করতে পেরেছেন। পিটারসনকেই পুল খেলতে গিয়ে সহজ ক্যাচ দিয়ে ফিরেছেন ব্যক্তিগত ১২০ রানের মাথায়। ১৭৯ বল খেলে ১৪টি চার ১টি ছয়ে এই রান করেছেন অভিজ্ঞ ব্যাটার।

বাকি সময়ে তাসকিন আহমেদ, হাসান মাহমুদরা দ্রুত রান তুলে স্কোর বড় করতে চেয়েছেন। খুব বড় ইনিংস অবশ্য খেলতে পারেননি। হাসান ২৫ বলে ১৬ রান করে আর তাসকিন ১৬ বলে ফিরেছেন ১৭ রান করে। ইবাদত হোসেন শেষ ব্যাটার হিসেবে অপরাজিত ছিলেন ৭ বলে ১ রান করে।

আজ দ্বিতীয় দিনে  বাংলাদেশের পতন হওয়া চারটি উইকেটই নিয়েছেন ডেল পিটারসন। গতকাল একাই পাঁচ উইকেট নিয়েছিলেন  কাগিসো রাবাদা। এই রাবাদাই কাল শুরুতে ধসিয়ে দিয়েছিলেন বাংলাদেশকে।

আগে ব্যাট করতে নামা বাংলাদেশ মাত্র  ২২ রানে হারায় তিন উইকেট, তিনটি উইকেটই নেন রাবাদা। পরে তাওহিদ হৃদয় আর তানজিদ হাসান তামিম প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তানজিদ তামিম আর মুশফিকুর রহিমকে পরপর দুই বলে ফিরিয়ে আবারও বাংলাদেশকে চাাপে ফেলেন রাবাদা। তামিম ফেরেন ৬৭ রান করে।

সেখান থেকে তাওহিদ হৃদয় আর লিটন দাসের প্রতিরোধ। ষষ্ঠ উইকেটে ২০৬ রানের রেকর্ড জুটি গড়েন দুজন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের এটাই সর্বোচ্চ রানের জুটি। হৃদয় কাল ১৩৭ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলে ফিরেছেন দিনের শেষ বলে। লিটন দাস অপরাজিত ছিলেন ৯২ রানে।

The post দক্ষিণ আফ্রিকায় ঠিক ৪০০ রানে থামল বাংলাদেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.