আইফোনের প্রো মডেল হবে ‘গাঢ় লাল’
প্রযুক্তি বিশ্লেষক ও ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গারম্যানের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে, অ্যাপল তাদের আসন্ন আইফোন ১৮ প্রো-তে একটি নতুন ‘গাঢ় লাল’ (ডিপ রেড) রঙ যুক্ত করতে পারে। আইফোনের প্রো মডেলগুলোর জন্য এটি হবে বাহুল্যবর্জিত ধাতব রঙের বাইরে গিয়ে একটি ব্যতিক্রমী পদক্ষেপ। খবর এনগ্যাজেট।
গারম্যানের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে আইফোন ১৭ প্রো-তে আনা ‘কসমিক অরেঞ্জ’ রঙের সাফল্যের পরই অ্যাপল আরও সাহসী রঙ নিয়ে আসতে আগ্রহী হয়। বিশেষ করে চীনের বাজারে এই কমলা রঙ ব্যাপক জনপ্রিয়তা পায় এবং এটি ব্যবহারকারীদের কাছে ‘হারমেস অরেঞ্জ’ নামে পরিচিতি লাভ করে। চীনা সংস্কৃতিতে লাল রঙ সৌভাগ্যের প্রতীক হওয়ায় এই সিদ্ধান্ত আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এর আগে আইফোন ১৪ সিরিজের মাধ্যমে সর্বশেষ (প্রোডাক্ট) রেড আইফোন বাজারে আনে অ্যাপল। তবে সেটি ছিল প্রো-এর বদলে সাধারণ সংস্করণ। ফলে প্রো মডেলে প্রথমবারের মতো লাল রঙ আসতে চলেছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে বেগুনি ও বাদামি রঙের গুঞ্জন থাকলেও গারম্যান মনে করেন, সেগুলো আসলে এই ‘গাঢ় লাল’ রঙের ভিন্ন ভিন্ন প্রকরণ হতে পারে।
অন্যদিকে অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন (আইফোন ফোল্ড) রঙের দিক থেকে অনেক বেশি রক্ষণশীল হবে বলে জানা গেছে। এই ডিভাইসটিতে ‘মজার রঙ’ এড়িয়ে গাঢ় ধূসর বা কালো এবং সাদা বা রুপালির মতো প্রাথমিক টোনে আনা হতে পারে। এই সিদ্ধান্তকে নতুন ফর্ম ফ্যাক্টরের উৎপাদন প্রক্রিয়া সহজ ও ঝুঁকিমুক্ত করার কৌশল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
আইফোন ১৮ প্রো সিরিজ ও সম্ভাব্য আইফোন ফোল্ড চলতি বছরের সেপ্টেম্বরে উন্মোচন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি





