নভোথিয়েটারে তিন দিনের মেলা
ইনোভেশন ফেয়ারে শাবিপ্রবির ১২ প্রজেক্ট
- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ইনোভেশন ফেয়ারে শাবিপ্রবির ১২ উদ্ভাবন
- তরুণ উদ্ভাবকদের গবেষণাকে বাজারমুখী করতে ‘ইনোভেট টু মার্কেট’ উদ্যোগ
- জাতীয় উন্নয়নে তরুণ গবেষকদের আত্মনিয়োগের আহ্বান বিশ্ববিদ্যালয় প্রশাসনের
জাতীয় পর্যায়ে তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনকে বাজারমুখী করতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ অংশ নিচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ১২টি উদ্ভাবনী প্রজেক্ট।
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের চতুর্থ তলার সম্মেলন কক্ষে মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম তরুণ গবেষক ও প্রকৌশলীদের উদ্ভাবনী মেধার ভূয়সী প্রশংসা করে জানান, সার্বিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের দক্ষতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ এক কিলোমিটার সড়কের নির্মাণ কাজে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ত করার দৃষ্টান্ত তুলে ধরে তিনি জানান, দেশীয় ও আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ যেকোনো প্রযুক্তি প্রতিযোগিতায় অংশ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রাতিষ্ঠানিক সহযোগিতা অব্যাহত থাকবে। একই সঙ্গে তরুণ উদ্ভাবকদের রাষ্ট্রের বাস্তব প্রয়োজন ও জাতীয় উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে প্রকৌশল গবেষণায় আত্মনিয়োগের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. রবিউল ইসলাম, কম্পিউটার ও তথ্য কেন্দ্রের পরিচালক এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বি এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী। ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যে আয়োজিত এই জাতীয় আসরের মূল লক্ষ্য একাডেমিয়া ও তথ্যপ্রযুক্তি শিল্পখাতের মধ্যে সরাসরি সমন্বয় ঘটিয়ে তরুণদের উদ্ভাবনী মেধাকে টেকসই অর্থনৈতিক সমৃদ্ধিতে রূপান্তর করা। //ডিবিটেক/ওসি/এসই/ইআইসি//





