অভিযোজন অর্থায়ন বাড়ানোর দাবিতে আফ্রিকার বিক্ষোভ, সরব বাংলাদেশও

ঢাকা: জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য পূর্বাভাসযোগ্য, সহজলভ্য ও অনুদানভিত্তিক অর্থায়নের দাবিতে কপ৩১ সম্মেলনে উত্তেজনা বাড়ছে। অভিযোজন তহবিল ৩ গুণ করার দাবিতে সরব আফ্রিকান আলোচকরা। একই দাবিতে বাংলাদেশের পক্ষ থেকেও জলবায়ু ন্যায়বিচার ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হচ্ছে। আফ্রিকা ও অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য অভিযোজন তহবিল ৩ গুণ করার বিষয়ে […] The post অভিযোজন অর্থায়ন বাড়ানোর দাবিতে আফ্রিকার বিক্ষোভ, সরব বাংলাদেশও first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

অভিযোজন অর্থায়ন বাড়ানোর দাবিতে আফ্রিকার বিক্ষোভ, সরব বাংলাদেশও
১১ নভেম্বর, ২০২৬ ০০:০০  

ঢাকা: জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য পূর্বাভাসযোগ্য, সহজলভ্য ও অনুদানভিত্তিক অর্থায়নের দাবিতে কপ৩১ সম্মেলনে উত্তেজনা বাড়ছে। অভিযোজন তহবিল ৩ গুণ করার দাবিতে সরব আফ্রিকান আলোচকরা। একই দাবিতে বাংলাদেশের পক্ষ থেকেও জলবায়ু ন্যায়বিচার ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হচ্ছে।

আফ্রিকা ও অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য অভিযোজন তহবিল ৩ গুণ করার বিষয়ে সুনির্দিষ্ট আলোচ্যসূচি অন্তর্ভুক্ত করতে আলোচকদের ব্যর্থতার পর মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় কপ৩১ জলবায়ু সম্মেলনের ব্লু জোনে বিক্ষোভ করেন জলবায়ু কর্মীরা।

ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (সিএএন) এবং এশিয়া প্যাসিফিক মুভমেন্ট অন ডেট অ্যান্ড ডেভেলপমেন্ট (এপিএমডিডি) এ বিক্ষোভে সংহতি জানায়। এতে উপস্থিত ছিলেন জলবায়ু কর্মী হারজিৎ সিং, সিএএনের নির্বাহী পরিচালক তাসনিম এওসোপ এবং গাম্বিয়ার জলবায়ু কর্মী ও সিএএন আফ্রিকার আঞ্চলিক সমন্বয়কারী বাবৌকার নিয়ং। তার উদ্যোগেই বিক্ষোভের আয়োজন করা হয়।

বাবৌকার নিয়ং আলোচকদের প্রতি আহ্বান জানান, জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর প্রকৃত চাহিদার প্রতিফলন ঘটবে—এমন অর্থায়নব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বিক্ষোভে গ্লোবাল সাউথ বা বৈশ্বিক দক্ষিণের প্রতিনিধিরা নেপাল ও মোজাম্বিকের মতো দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দুর্দশার কথা তুলে ধরেন। তাদের বক্তব্য, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলা করেও এসব দেশের মানুষের নিজেদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের সক্ষমতা সীমিত। আন্তর্জাতিক পর্যায়ে অর্থায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে সেই অর্থ পৌঁছাচ্ছে না। তাই প্রয়োজনভিত্তিক অভিযোজন অর্থায়নের দাবি জানান তারা।

এদিকে এক বক্তা গ্লোবাল গোল অন অ্যাডাপটেশন (জিজিএ)-এর অধীনে বিভিন্ন সূচক তৈরির ওপর অতিরিক্ত গুরুত্ব দেওয়ার সমালোচনা করেন। তিনি বলেন, অভিযোজন কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ নিশ্চিত না করে শুধু সূচক নির্ধারণের মাধ্যমে সংকটের সমাধান সম্ভব নয়।

তিনি প্রশ্ন রাখেন, ‘নেপাল যখন হিমালয়ের হিমবাহের হ্রদ বিস্ফোরণ (জিএলওএফ) থেকে নিজেদের রক্ষার জন্য প্রয়োজনীয় অর্থই পেল না, তখন এসব সূচক দিয়ে কী হবে?’

তিনি আরও বলেন, ‘যতক্ষণ না আপনারা আমাদের অভিযোজন বাস্তবায়নের উপায় দিচ্ছেন, ততক্ষণ আপনারা আমাদের জীবন নিয়ে খেলছেন।’ উন্নয়নশীল দেশগুলোর ঋণের বোঝা বাড়ায়—এমন ঋণভিত্তিক সহায়তার পরিবর্তে সরকারি অনুদানভিত্তিক অর্থায়নেরও দাবি জানান তিনি।

বিক্ষোভকারীরা ‘আমরা কী চাই? কখন চাই?’ স্লোগান দেন। সম্মেলনের পুরো সময়জুড়ে এ দাবি অব্যাহত রাখার কথা জানান তারা।

আফ্রিকার প্রস্তাব আলোচ্যসূচিতে নেই

আফ্রিকান গ্রুপ অব নেগোসিয়েটরসের (এজিএন) পক্ষ থেকে অভিযোজন অর্থায়ন ৩ গুণ করার বিষয়ে পৃথক আলোচ্যসূচি অন্তর্ভুক্তির প্রস্তাব ব্যর্থ হওয়ার এক দিন পর এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আফ্রিকান দেশগুলোর পক্ষে ঘানা প্রস্তাবটি জমা দিয়েছিল।

সোমবার কপ৩১-এর আলোচ্যসূচি গ্রহণের সময় সম্মেলনের সভাপতি মুরাত কুরুম জানান, এ প্রস্তাবের বিষয়ে দেশগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি।

তবে কুরুম বলেন, সম্মেলনের অন্য কোনো পর্যায়ে বিষয়টি বিবেচনার সম্ভাবনা নাকচ না করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকল্প হিসেবে জলবায়ু অর্থায়ন নিয়ে বৃহত্তর আলোচনার সুযোগ তৈরিতে একটি ‘ক্লাইমেট ফাইন্যান্স ওয়ার্ক প্রোগ্রাম’ প্রতিষ্ঠা করা হয়েছে।

ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ৩০ সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর জন্য ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন অন্তত ৩ গুণ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আফ্রিকার প্রস্তাবে ওই প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনার সুযোগ তৈরির দাবি জানানো হয়।

আলোচ্যসূচিতে প্রস্তাবটি অন্তর্ভুক্ত না হলেও অভিযোজন অর্থায়ন বাড়ানোর বিষয়টি সম্মেলনের আলোচনায় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে রয়ে গেছে।

এজিএনের চেয়ারম্যান নান্না আন্টউই-বোসিয়াকো আমোহ বলেন, এ ফলাফলে আফ্রিকান গোষ্ঠী সন্তুষ্ট নয়। তবে অন্যান্য আলোচনার মাধ্যমে বিষয়টি এগিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।

সাংবাদিকদের তিনি বলেন, ‘আলোচনায় আপনি সবকিছু পাবেন না। কিছু পেতে পারেন।’

আলোচনায় বিভিন্ন পক্ষের ভিন্ন অবস্থান

আলোচ্যসূচি নিয়ে সিদ্ধান্তের পর বিভিন্ন আলোচক গোষ্ঠীর ভিন্ন ভিন্ন অবস্থানও স্পষ্ট হয়েছে। আফ্রিকান গোষ্ঠী কপ৩১-এর সভাপতিত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদ্যমান আলোচনার মাধ্যমগুলো ব্যবহার করে বিষয়টি এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। যুক্তরাজ্যের প্রতিনিধিত্বকারী আমব্রেলা গ্রুপ বলেছে, অভিযোজন অর্থায়ন কোনো ‘এতিম’ বিষয় নয়, আলোচনায় এটি গুরুত্ব পেতে থাকবে।

অন্যদিকে ভারত এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একাধিক আলোচ্যসূচি পরিচালনার বিষয়ে উদ্বেগ জানিয়ে বলেছে, জলবায়ু অর্থায়ন কার্যসূচি অন্তর্ভুক্তির ফলে কপ৩০-এ অর্জিত সমঝোতাগুলো প্রশ্নের মুখে পড়তে পারে।

এসব মতপার্থক্য জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতিকে উন্নয়নশীল দেশগুলোর জন্য বাস্তব সহায়তায় রূপান্তরের প্রশ্নে চলমান টানাপোড়েনেরই প্রতিফলন।

ঋণ নয়, অনুদান চান উন্নয়নশীল দেশগুলো

আফ্রিকান দেশগুলোর কাছে অভিযোজন অর্থায়নের পরিমাণ বাড়ানোর পাশাপাশি তহবিলের গুণগত মান, সহজলভ্যতা ও পূর্বাভাসযোগ্যতাও গুরুত্বপূর্ণ।

আমোহ বলেন, জলবায়ু অর্থায়ন কার্যসূচি বহাল থাকায় দেশগুলো প্যারিস চুক্তির ৯.১ অনুচ্ছেদ নিয়ে আলোচনার সুযোগ পাবে। ওই অনুচ্ছেদে উন্নত দেশগুলোর ওপর উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সম্পদ সরবরাহের বাধ্যবাধকতার কথা বলা হয়েছে।

উন্নয়নশীল দেশগুলোর যুক্তি, অভিযোজন অর্থায়ন মূলত সরকারি অনুদান ও অত্যন্ত নমনীয় সহায়তার মাধ্যমে আসা উচিত, ঋণের মাধ্যমে নয়। কারণ ঋণভিত্তিক সহায়তা জলবায়ু সংকটে জর্জরিত দেশগুলোর ঋণের বোঝা আরও বাড়িয়ে দেয়।

জলবায়ু পরিবর্তনের জন্য যেসব দেশের দায় তুলনামূলকভাবে কম, তাদের সেই সংকট মোকাবিলায় ঋণ নিতে হওয়া জলবায়ু ন্যায়বিচারের প্রশ্নকে আরও সামনে নিয়ে এসেছে।

আমোহ কপ৩১-এর অন্যতম কঠিন আলোচ্য বিষয় হিসেবে ‘জাস্ট ট্রানজিশন’ বা ন্যায়সংগত রূপান্তরের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, প্রাথমিক ইঙ্গিত থেকে কিছু উন্নত দেশের মধ্যে এ বিষয়ে দ্বিধা দেখা যাচ্ছে।

‘এটাই সেই জায়গা, যেখানে আমি একটি লড়াই দেখতে পাচ্ছি। তবে আমরা প্রস্তুত,’ বলেন তিনি।

আফ্রিকান গোষ্ঠী একতরফা জলবায়ু-সম্পর্কিত বাণিজ্যব্যবস্থারও বিরোধিতা করেছে। তাদের যুক্তি, এ ধরনের নীতির মাধ্যমে জলবায়ু সংকটের জন্য সামান্য দায়ী উন্নয়নশীল দেশগুলোর ওপর অন্যায্যভাবে কার্বন ব্যয়ের বোঝা চাপানো হতে পারে।

বাণিজ্যবিষয়ক প্রস্তাবটি আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে স্থান না পেলেও আগামী বছরের জন্য নির্ধারিত মন্ত্রী পর্যায়ের আলোচনার আগে দেশগুলো এ বিষয়ে নিজেদের মতামত জমা দিতে পারবে।

বাংলাদেশের জোরালো দাবি

অভিযোজন অর্থায়ন তিন গুণ করার দাবিতে বাংলাদেশের অবস্থানও জোরালো। জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষা এবং জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে দেশটি।

পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন ও প্রযুক্তি নিশ্চিত করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষাকে দেশের দাবির কেন্দ্রবিন্দুতে রাখা হবে।

বাংলাদেশের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীভাঙন, উপকূলীয় লবণাক্ততা, ঘন ঘন বন্যা ও অন্যান্য জলবায়ুজনিত প্রভাব মানুষের জীবন-জীবিকা, খাদ্যনিরাপত্তা এবং প্রয়োজনীয় সেবা পাওয়ার ক্ষেত্রে সংকট তৈরি করছে।

এসব ঝুঁকি মোকাবিলায় প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজন পর্যাপ্ত, পূর্বাভাসযোগ্য এবং সহজলভ্য আর্থিক সহায়তা।

আনাতোলিয়ায় আলোচনা চলার মধ্যেই বিক্ষোভকারীরা জলবায়ু ন্যায়বিচারের একটি মৌলিক প্রশ্ন সামনে এনেছেন—যেসব দেশ ও জনগোষ্ঠীকে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে সুরক্ষার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তাদের কাছে প্রয়োজনীয় অর্থ না পৌঁছালে তারা কীভাবে দ্রুত পরিবর্তনশীল জলবায়ুর সঙ্গে খাপ খাওয়াবে?

ব্লু জোনের আন্দোলনকারীদের দাবি, শুধু নতুন সূচক তৈরি কিংবা রাজনৈতিক প্রতিশ্রুতি যথেষ্ট নয়। এমন অর্থায়ন নিশ্চিত করতে হবে, যা সরাসরি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাবে, তাদের দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াবে এবং মানুষের জীবন রক্ষা করবে।

The post অভিযোজন অর্থায়ন বাড়ানোর দাবিতে আফ্রিকার বিক্ষোভ, সরব বাংলাদেশও first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.