খুলনায় বিভাগীয় বইমেলা উদ্বোধন

খুলনা: খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নগরীর বয়রাস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে বইমেলাটি উদ্বোধন করা হয়। খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেডিএ’র চেয়ারম্যান এস এম শফিকুল আলম, জেলা প্রশাসক হুরে জান্নাত, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব […] The post খুলনায় বিভাগীয় বইমেলা উদ্বোধন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

খুলনায় বিভাগীয় বইমেলা উদ্বোধন
১০ নভেম্বর, ২০২৬ ১৫:০০  

খুলনা: খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নগরীর বয়রাস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে বইমেলাটি উদ্বোধন করা হয়।

খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেডিএ’র চেয়ারম্যান এস এম শফিকুল আলম, জেলা প্রশাসক হুরে জান্নাত, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব অমিতাভ পরাগ তালুকদার।

অনুষ্ঠানে কেডিএ’র চেয়ারম্যান বলেন, ‘বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণের বড় পরিসরে এ বইমেলা আয়োজনের কারণে মেলায় পাঠক-দর্শকের অংশগ্রহণ বেশি হবে বলে আশা করা যায়। এর ফলে মেলায় অংশ নেওয়া প্রকাশনীগুলোও বই বিক্রিতে উল্লেখ্যযোগ্য সাড়া পেতে পারেন। একই সঙ্গে মেলাটি এ অঞ্চলের মানুষের জ্ঞানের বিকাশে বিশেষ ভূমিকা রাখবে। মানুষের জীবনব্যাপী জ্ঞান আহরণের যে স্পৃহা, তা জাগাতে ও পূরণ করতে বইমেলা অনেকটাই সহায়ক হবে।’

বিভাগীয় কমিশনার বলেন, ‘জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইমেলার বিকল্প নেই। বই আমাদের পরম বন্ধু। এই বন্ধুকে প্রকৃত বন্ধুর মতো জীবনের গ্রহণ করতে পারলে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে উঠবে। তখন সমাজ হবে তথ্যভিত্তিক ও শক্তিশালী রাষ্ট্র গড়ার ভিত্তি।’

এর আগে বিভাগীয় বইমেলা উপলক্ষ্যে নগরীর নিউমার্কেট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি দফতরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, বইমেলা আজ থেকে শুরু হয়ে ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ এবং শিশু-কিশোরদের জন্য কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। মেলা প্রাণবন্ত করতে ‘সংস্কৃতি ও নৈতিকতা’, ‘মানবতাবাদ ও বিশ্ব শান্তি’ এবং ‘বাংলাদেশী জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্র’ বিষয়ে তিন দিনে তিনটি সেমিনারের আয়োজন করা হবে।

এ ছাড়া, মেলা থেকে বই ক্রয়কারীদের মাঝে প্রতিদিন কুপনের মাধ্যমে তিন জনকে পুরস্কৃত করার ব্যবস্থা থাকছে। এবারের বইমেলায় মোট ৯০টি স্টল রয়েছে। ঢাকা থেকে আগত প্রকাশনাগুলোর জন্য ৭১টি, বিভাগীয় ও জেলা অফিসের জন্য নয়টি, পুলিশ কন্ট্রোলরুম, তথ্য কেন্দ্র, নার্সারি, পাঠক আড্ডা ও গণমাধ্যমকর্মীদের জন্য একটি করে স্টল থাকছে। এর বাইরে খাবারের পাঁচটি স্টল রয়েছে।

The post খুলনায় বিভাগীয় বইমেলা উদ্বোধন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.