নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ২ নেতা পুলিশ হেফাজতে

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিচালকের সঙ্গে ‘গোপন বৈঠক’ শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রামেক শাখা কমিটির সাবেক সভাপতি ডা. শুভ সরকার এবং সাধারণ সম্পাদক ডা. নাহিদ রানা। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এই দু’জনকে হেফাজতে নেয় পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘এদিন সকাল ১০টার দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের […] The post নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ২ নেতা পুলিশ হেফাজতে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ২ নেতা পুলিশ হেফাজতে
১০ নভেম্বর, ২০২৬ ১৫:০০  

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিচালকের সঙ্গে ‘গোপন বৈঠক’ শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রামেক শাখা কমিটির সাবেক সভাপতি ডা. শুভ সরকার এবং সাধারণ সম্পাদক ডা. নাহিদ রানা। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এই দু’জনকে হেফাজতে নেয় পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘এদিন সকাল ১০টার দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রামেক শাখার শীর্ষ এই দুই নেতা হাসপাতাল পরিচালকের কার্যালয়ে প্রবেশ করে গোপন বৈঠক করছেন’- এমন খবর জানাজানি হলে শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা পরিচালকের কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ ও কার্যালয় ঘেরাও করেন। এ সময় তারা পরিচালকের নিষিদ্ধ সংগঠনের সঙ্গে গোপন বৈঠকের তীব্র নিন্দা জানান এবং উত্তপ্ত স্লোগান দেন। তোপের মুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উদ্ধার করে হেফাজতে নেয়। এ সময় বিক্ষুব্ধ জনতার মারধরের শিকার হন ছাত্রলীগের দুই নেতা। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন।

রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি এস এম তপু এ বিষয়ে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানসহ পূর্ববর্তী সময়ে অমানবিক নির্যাতন এবং হত্যাকারী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক হাসপাতাল পরিচালকের রুমে গোপন বৈঠক করছিলেন। বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। এমন কর্মকাণ্ডে হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে পরিচালক কার্যালয় ঘেরাও করে। পরবর্তী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করেছে। আমরা তাদের আইনানুগ শাস্তি চাই।’

সার্বিক বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগের ওই দুই নেতা তাদের ইন্টার্নশিপ ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে পরিচালকের কার্যালয়ে আসে। পরবর্তী সময়ে বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী ও চিকিৎসকরা ক্ষুদ্ধ হয়ে কার্যালয় ঘেরাও করে। পরে পরিচালকের অনুরোধ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের হেফাজতে করেছে।’

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ‘রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে। মেট্রোপলিটন পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছে হাসপাতালের পরিচালকের কক্ষে প্রবেশ করে। এ সময় সেখানে অবস্থানরত কিছু শিক্ষার্থী পুলিশকে ভেতরে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ভেতরে প্রবেশ করে এবং মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকের সিদ্ধান্ত ও পূর্বে প্রাপ্ত বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।’ উত্থাপিত অভিযোগগুলো গভীরভাবে খতিয়ে দেখে পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

একই সময়ে রাজশাহী বিমানবন্দর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করা হয়। এ বিষয়ে তিনি বলেন, ‘সকালে বিমানবন্দরের প্রধান ফটকের কাছে বস্তু দুটি দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দলটি বস্তু দু’টিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। পরীক্ষা ও প্রয়োজনীয় বিশ্লেষণ শেষে বস্তুগুলোর প্রকৃত পরিচয় নিশ্চিত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

সারাদেশে ছাত্রলীগের ডাকা ধর্মঘটের সঙ্গে বিমানবন্দর এলাকার গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার এবং মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার কোনো সম্পৃক্ততা রয়েছে কি না?- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুরো বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

The post নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ২ নেতা পুলিশ হেফাজতে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.