বাংলাদেশ–কোরিয়া সেমিকন্ডাক্টর রোডশোতে সহযোগিতার নতুন অগ্রগতি

বাংলাদেশ–কোরিয়া সেমিকন্ডাক্টর রোডশোতে সহযোগিতার নতুন অগ্রগতি
১৩ মে, ২০২৬ ১৬:৪১  

দক্ষিণ কোরিয়ায় চলমান বাংলাদেশ–কোরিয়া সেমিকন্ডাক্টর রোডশোতে শিল্প, গবেষণা, অ্যাডভান্সড প্যাকেজিং এবং প্রযুক্তি বাণিজ্যিকীকরণে নতুন অগ্রগতির কথা জানিয়েছে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)।

১৩ মে, বুধবার সিউলে অনুষ্ঠিত রোডশোর বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার সেমিকন্ডাক্টর খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কৌশলগত আলোচনা ও সহযোগিতা জোরদার করা হয়। এই উদ্যোগ বাংলাদেশের দীর্ঘমেয়াদি “সিলিকন রিভার” ভিশনের অংশ, যার লক্ষ্য উদ্ভাবন, গবেষণা, অ্যাডভান্সড প্যাকেজিং, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং প্রযুক্তি বাণিজ্যিকীকরণের মাধ্যমে একটি টেকসই সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলা।

দিনের শুরুতে বিএসআইএ প্রতিনিধিদল এসকে হাইনিক্স-এর আধুনিক সেমিকন্ডাক্টর প্যাকেজিং ফ্যাসিলিটি পরিদর্শন করে। সেখানে এআই যুগের মেমোরি প্যাকেজিং, হেটারোজেনিয়াস ইন্টিগ্রেশন এবং উন্নত উৎপাদন প্রযুক্তি সম্পর্কে সরাসরি ধারণা নেওয়া হয়।

পরে এসকে হাইনিক্সের প্যাকেজিং ও টেস্টিং বিভাগের প্রেসিডেন্ট চার্লস আন এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কৌশলগত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ড. মুহাম্মদ মোস্তফা হোসেন বাংলাদেশের উদীয়মান সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম এবং “সিলিকন রিভার” ভিশন তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের দীর্ঘমেয়াদি কৌশল উদ্ভাবননির্ভর প্রযুক্তি, এআই-ভিত্তিক সিস্টেম এবং উন্নত প্রকৌশল সক্ষমতার মাধ্যমে বৈশ্বিক মূল্য তৈরি করা।

রোডশোতে অংশ নেন বিএসআইএর সভাপতি এম এ জব্বার। তিনি গবেষণা, বাণিজ্যিকীকরণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতাকে একটি সমন্বিত ইকোসিস্টেমে রূপান্তরের গুরুত্ব তুলে ধরেন।

প্রতিনিধিদল পরে দক্ষিণ কোরিয়ার ওএসএটি প্রতিষ্ঠান হানা মাইক্রোন পরিদর্শন করে।

দিনটির অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ছিল কেইআইএসটি গ্লোবাল কমার্শিয়ালাইজেশন সেন্টার, ক্রেস্ট এবং বিএসআইএর মধ্যে লেটার অব ইনটেন্ট (এলওআই) স্বাক্ষর। এই সহযোগিতার আওতায় সেমিকন্ডাক্টর গবেষণা, প্রযুক্তি বাণিজ্যিকীকরণ, অ্যাডভান্সড প্যাকেজিং, এআই সেমিকন্ডাক্টর প্রযুক্তি এবং ট্যালেন্ট ডেভেলপমেন্টে যৌথভাবে কাজ করা হবে।

এলওআই স্বাক্ষর অনুষ্ঠানে এম এ জব্বার এই উদ্যোগকে গবেষণা, বাণিজ্যিকীকরণ এবং ইকোসিস্টেম সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে ড. মুহাম্মদ মোস্তফা হোসেন ক্রেস্টের আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং এআই-কেন্দ্রিক প্রযুক্তি উন্নয়নের সমন্বিত ভিশন তুলে ধরেন।

রোডশোতে বিএসআইএর সদস্য প্রতিষ্ঠান ডাইনামিক সলিউশন ইনোভেটরস, আইটেস্ট বাংলাদেশ লিমিটেড, নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড, প্রাইম সিলিকন টেকনোলজি লিমিটেড, সিলিকনোভা লিমিটেড এবং উল্কাসেমি প্রাইভেট লিমিটেড অংশ নেয়।

বিএসআইএ জানিয়েছে, এই রোডশো বাংলাদেশের বৃহত্তর “সিলিকন রিভার” ভিশনের অংশ, যার মাধ্যমে উদ্ভাবন, গবেষণা, প্রযুক্তি বাণিজ্যিকীকরণ এবং আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে একটি শক্তিশালী ডিপ-টেক ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ডিবিটেক/এইচএ/এমইউএম