‘সন্ত্রাসীকে পাসপোর্ট নয়, প্রত্যর্পণ চুক্তিতে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাসপোর্ট-এনআইডি ইস্যু নিয়ে যুক্তরাজ্যের ল’ ফার্মের ই-মেইল, আবেদন করেননি শেখ হাসিনা

  • ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে দিল্লি হাইকমিশনে যুক্তরাজ্যের ল' ফার্ম ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর ই-মেইল।
  • ই-মেইলে শেখ হাসিনার কোনো অথরাইজেশন বা অনুমোদনপত্র ছিল না বলে নিশ্চিত করেছেন দিল্লি হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান।
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর সাফ জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেওয়া হবে না; বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ফেরত চাওয়া হচ্ছে।

পাসপোর্ট-এনআইডি ইস্যু নিয়ে যুক্তরাজ্যের ল’ ফার্মের ই-মেইল,  আবেদন করেননি শেখ হাসিনা
৯ নভেম্বর, ২০২৬ ১৫:৪১  

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে একটি ই-মেইল পাঠিয়েছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইন সংস্থা ‘ম্যাট্রিক্স চেম্বার্স’। বিষয়টি নিশ্চিত করে পরবর্তী করণীয় ও দিকনির্দেশনা জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বার্তা পাঠিয়েছে দিল্লি হাইকমিশন।

৯ নভেম্বর, সোমবার ই-মেইল প্রাপ্তির তথ্য নিশ্চিত করেছেন দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান।

সাইদুর রহমান জানান, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সরাসরি নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন জমা দেননি। ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামের বিদেশি একটি আইনি প্রতিষ্ঠান থেকে আসা ই-মেইলে শেখ হাসিনার নামে এসব নথি ইস্যুর জন্য অনুরোধ করা হয়েছে। তবে এই অনুরোধপত্রটি আদৌ বৈধ বা সঠিক কি না, সে বিষয়ে হাইকমিশন নিশ্চিত নয়। তিনি স্পষ্ট করেন, আবেদনটি শেখ হাসিনার পক্ষ থেকেই করা হয়েছে কি না, তা যাচাইয়ের সুযোগ নেই; কারণ প্রেরিত ই-মেইলে শেখ হাসিনার ব্যক্তিগত স্বাক্ষরযুক্ত কোনো অনুমোদন বা ‘অথরাইজেশন’ সংক্রান্ত প্রমাণপত্র সংযুক্ত ছিল না। তবে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ই-মেইলটি প্রাপ্তির পরপরই ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্রও চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে আইনি সংস্থার মাধ্যমে এ আবেদন করিয়েছেন এবং ২০২৪ সালের ৫ আগস্ট দেশত্যাগের পর বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ। প্রতিবেদনে আইনজীবীদের বরাতে বলা হয়, শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব ও মানবাধিকারের বাধ্যবাধকতা উল্লেখ করে আগামী ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁর দেশে ফেরার কথা জানানো হয়েছে।

এদিকে সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শেখ হাসিনাকে দেশে ফেরার জন্য পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি সরবরাহ করবে না। তিনি একজন দণ্ডপ্রাপ্ত পলাতক সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন।"

এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বন্দি প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "আমাদের দুই দেশের মধ্যে একটি কার্যকর বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। আমরা চাই ভারত সরকার হাসিনাকে আমাদের হাতে অবিলম্বে তুলে দিক। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে এনে নির্ধারিত সর্বোচ্চ সাজা কার্যকর করাই সরকারের লক্ষ্য।" তবে শেখ হাসিনাকে সরকার ওয়ান-ওয়ে ট্রাভেল পারমিট দেবে কি না, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

এর আগে গত ৫ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাসের প্রয়োজন পড়বে না, প্রত্যর্পণ কাঠামোর মাধ্যমেই তা সম্ভব। এছাড়া ৮ নভেম্বর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরে সরকার প্রয়োজনীয় সকল আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। ক্ষমতাচ্যুতির পর থেকেই তিনি প্রতিবেশী ভারতে অবস্থান করছেন।

//ডিবিটেক/ জেএনওবিপি/এসএমপি/এমভিএনও//